এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৯ নভেম্বর : ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন মালদার দুই ভাই । নিখোঁজ দুই যুবক হলেন শেখ সোহেল ও শেখ চাঁদ । তারা সম্পর্কে সহদর ভাই । তাদের বাড়ি রতুয়া থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের কসবা গ্রামে ৷ গত ১১ অক্টোবর বাড়ি ফেরার পথে অন্ধ্রপ্রদেশের একটি রেলস্টেশন থেকে তারা নিখোঁজ হয়ে যায় বলে দাবি পরিবারের। প্রায় দু’মাস ধরে দুই যুবকের কোনো সন্ধান না পেয়ে চরম উৎকন্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা ।
জানা গিয়েছে, মাস তিনেক আগে স্থানীয় এক ঠিকাদারের মাধ্যমে ছোট ভাই শেখ চাঁদ অন্ধ্রপ্রদেশের পলাশ থানা এলাকায় শ্রমিকের কাজে যান। সেখানে বিদ্যুতের খুঁটি পোঁতার কাজে যুক্ত ছিলেন তিনি। পরে দাদা শেখ সোহেলও সেই কাজে যোগ দেন। সেখানে একদিন কাজ করার পর কাজ পছন্দ না হওয়ায় দুই ভাই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। এরপর গত ১১ অক্টোবর ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। কিন্তু অন্ধ্রপ্রদেশের ইচ্ছাপুরম স্টেশনে পৌঁছনোর পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান দুই ভাই।
পরিবারের অভিযোগ, সেখান থেকে কয়েকজন ব্যক্তি চারচাকার গাড়িতে করে তাদের নিয়ে চলে যায়। এমনটাই ছবি ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায় । এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের পলাশ থানায় নিখোঁজ ডায়েরি করেছেন পরিবার৷ কিন্তু আজ অব্দি তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না । এই দুই ছেলের সসম্ভাব্য বিপদের আশঙ্কায় শোকে বিহ্বল হয়ে পড়েছেন তাদের মা বিবি মেম্বারি।।
