এইদিন ওয়েবডেস্ক,ত্রিপুরা,২৯ নভেম্বর : আবারও খবরের শিরোনামে ত্রিপুরার বক্সনগর! নয়নজলা গ্রাম পঞ্চায়েতের প্রধান দুপুরিয়াবন্ধর বাসিন্দা আজাদ মুস্তফাকে ধরে বেদম পেটানোর অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে ।
জানা গেছে, আহত গ্রাম প্রধানকে প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পল্লমী দাস প্রাথমিক চিকিৎসা করেন। পরে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় রেফার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এখনও জানা যায়নি।
উল্লেখ্য,এই বক্সনগর এলাকাতেই বিএসএফের উপর হামলার ঘটনা ঘটে । চোরাকারবারদের পিছু ধাওয়া করার সময় বিএসএফ বাংলাদেশ সীমান্ত এই এলাকায় গেলে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন হামলা চালিয়ে দেয় । হামলার কয়েকজন বিএসএফ জওয়ান গুরুতর আহত হয় । পরে এই ঘটনায় জড়িত মহিলাসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ । পাশাপাশি অন্তত ৭ অভিযুক্তের বেআইনি ভাবে নির্মিত বাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ।।

