এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ নভেম্বর : বর্ধমান শহরের পর এবারে ভাতারে তুমুল সংঘর্ষে জড়াল সিপিএম ও বিজেপি । আজ শুক্রবার বিকেল নাগাদ এই ঘটনা ঘটেছে ভাতার থানার বলগোনা বাজারে। সংঘর্ষে বিজেপির ভাতার ৩ নম্বর মণ্ডল সভাপতি স্নেহময় কুণ্ডু এবং যুব সিপিএম নেতা সফিকুল ইসলাম মণ্ডলসহ দুপক্ষের মিলে মোট প্রায় ২০ জন জখম হয়েছে । তাদের ভাতার হাসপাতালে চিকিৎসায় জন্য নিয়ে যাওয়া হয় ।এদিন সংঘর্ষের ঘটনার পর উত্তেজনা থাকায় এলাকায় টহল দিচ্ছে পুলিশ ।
উল্লেখ্য,বৃহস্পতিবার বিকালে বর্ধমান শহরের বাদামতলায় সিপিএমের সভা ছিল । সভা চলাকালীন সিপিএম ও বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। আহত হন সারা ভারত কৃষকসভার সহ-সভাপতি তথা কিষাণ মোর্চার রাজ্য আহ্বায়ক অমল হালদার-সহ কয়েকজন বামকর্মী । জানা গেছে,ওই ঘটনার প্রতিবাদে এদিন ভাতারের বলগোনা বাজারে তেমাথা মোড়ে সিপিএমের পথসভা ছিল। আর পথসভা শুরু হতেই সিপিএম ও বিজেপির কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। যদিও আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশবাহিনীকে। তবে শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে এই ঘটনায় সিপিএম ও বিজেপির মধ্যে শুরু হয়ে গেছে চাপানউতোর । সিপিএমের ভাতার ১ এরিয়া কমিটির সম্পাদক নজরুল হকের অভিযোগ, পুলিশের অনুমতি নিয়ে আয়োজন করা আজকের আমাদের এই সভায় বিনা প্ররোচনায় বিজেপি হামলা চালিয়েছে৷’ অন্যদিকে সিপিএমের বিরুদ্ধে ‘উস্কানিমূলক বক্তব্য’ রাখা ও বিজেপি কর্মীদের উপর ‘বিনা প্ররোচনায় হামলা’ চালানোর অভিযোগ তুলেছেন বিজেপির কিষাণ মোর্চার নেতা দিব্যেন্দু দত্ত । পাশাপাশি ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কার্ফাও আজকের এই ঘটনার জন্য সিপিএমের ঘাড়ে দায় চাপিয়ে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন ।।
