এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে বেপরোয়া লরির ধাক্কায় মর্মান্তিক ভাবে প্রাণ হারাতে হল স্কুটি আরোহী দুই যুবককে । দুর্ঘটনা ঘটে আজ শুক্রবার বিকেলে ভাতার থানার আলিনগর বাসস্ট্যান্ড এবং পালাড় মোড়ের মাঝামাঝি এলাকায় বাদশাহী রোডে । মৃতরা হলেন রোহিত খান (২১) এবং শেখ রাজ(১৭)। তাঁদের বাড়ি ভাতার থানার সেরুয়া গ্রামে। তারা মার্বেল টাইলসের মিস্ত্রির কাজ করতেন । দুর্ঘটনায় জখম হয়েছে স্কুটির আরও এক যাত্রী বিজয় দাস (১৬)। বর্তমানে ওই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা গেছে,মৃত রোহিতের আত্মীয় মার্বেল মিস্ত্রি ইরফান শেখের অধীনে কাজ করতেন দুর্ঘটনায় নিহতরা । তাদের মধ্যে শেখ রাজ বামুনাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল । পড়াশোনার ফাঁকেই সে কাজ করত। নতুনগ্রামে একটি পেট্রোল পাম্পে টাইলসের কাজ করছিল রোহিত ও রাজ ।আজ বিকেলে দুজনে কাজ সেরে স্কুটিতে চড়ে বাড়ি ফিরছিলেন। তখন নতুনগ্রামের কাছে দেখা হয় পরিচিত বিজয় দাসের সঙ্গে । বিজয়কে স্কুটিতে তুলে নেয় রোহিত।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলিনগর বাসস্ট্যান্ড এবং পালাড় মোড়ের মাঝামাঝি এলাকায় বাদশাহী রোডের অবস্থা খুবই খারাপ। তার উপর ফুটপাতের উপর প্রচুর আগাছা জন্মেছে । স্কুটিটি বাঁদিক ঘেঁষেই আসছিল । বিপরীত দিক থেকে একটি ছোট লরি বেপরোয়া গতিতে যাচ্ছিল। ওই লরি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে স্কুটিতে ধাক্কা দেয়। ছিটকে পড়ে তিনজন। তবে বিজয় প্রাণে বেঁচে গেলেও রোহিত এবং রাজের উপর দিয়ে লরির চাকা চলে যায়। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন৷ দুর্ঘটনার জন্য রাস্তার বেহাল অবস্থা এবং লরি -ডাম্পারের বেপরোয়া গতিকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা ।।
