এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,২৭ নভেম্বর : পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হয়েছে আসানসোলেত কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ দাস ওরফে প্যাও । আজ, শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকালে আসানসোলের ইসমাইল এলাকায় এই গুলির লড়াই হয় । পুলিশের পাল্টা গুলিতে সে পায়ে আঘাত পেয়েছে এবং গুলিবিদ্ধ অবস্থাতেই তাকে গ্রেফতার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ৪ ঘন্টা ধরে চলে এই রুদ্ধশ্বাস এনকাউন্টার অভিযান ।
গত ২৫ নভেম্বর বিকেল প্রায় সাড়ে তিনটা নাগাদ আসানসোল ইসমাইল গুরু নানকপল্লী এলাকায় প্রতাপ দাসকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে সে পালিয়ে যায়। তারপর থেকেই আসানসোল দক্ষিণ থানা এবং হিরাপুর থানার পুলিশ বিশেষ দল গঠন করে তাকে ধরার জন্য এলাকায় তল্লাশি অভিযান শুরু করে । পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ সক্রিয় হয়। শেষ পর্যন্ত পুলিশ জানতে পারে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সে আসানসোল ইসমাইল এলাকাতেই ঘোরাফেরা করছে।
জানা গেছে, আজ সকালে তাকে ধরার জন্য পুলিশ সতর্কতার সঙ্গে এগিয়ে যেতেই বারমুডা পরা অবস্থায় প্রতাপ ফের আগ্নেয়াস্ত্র হাতে পুলিশকে চ্যালেঞ্জ জানায়। শূন্যে গুলিয়ে চালায় বলে অভিযোগ। এরপরই এলাকার একটি ঘরে আত্মগোপন করে। পুলিশের বিশাল বাহিনী এলাকা ঘিরে ফেলে প্রতিটি ঘরে তল্লাশি চালাতে থাকে এবং এরই মধ্যে প্রতাপকে দেখতে পেয়ে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। গুলি প্রতাপের ডান পায়ে লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সাত সকালের এই ঘটনা আসানসোলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
উল্লেখ্য, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন গুরুতর অভিযোগে অভিযুক্ত এই প্রতাপ দাস। বেশ কিছুদিন আগে সালানপুর থানার জেমারিতে একটি পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরে টাকা না মিটিয়াই শূন্যে গুলি ছুঁড়ে পালিয়ে গিয়েছিল । এছাড়াও বাইপাস সংলগ্ন এলাকায় নানান দুষ্কর্মের অভিযোগও তার বিরুদ্ধে পুলিশের কাছে আছে। আসানসোল ইসমাইল এলাকার মত ঘন জনবসতি এলাকায় সে এতদিন আত্মগোপন করেছিল। কিন্তু তার কাল হলো পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো।।
