এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,২৫ নভেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে ফের ধরা পড়ল তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী । পুলিশ ধৃতদের তামিজ মণ্ডল, তোসারফ ফকির ও তোসারফের স্ত্রী মাসুদা বিবি নামে চিহ্নিত করেছে । ধৃতদের মধ্যে তামিজ মণ্ডল বাংলাদেশের জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ধাতামঝি উচ্ছনা গ্রামের বাসিন্দা । বাকি দু’জনের বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর থানার খড়খণ্ড মধ্যপাড়া গ্রামে ৷ পুলিশ জানতে পেরেছে,তোসারফ ফকির ও মাসুদা বিবি বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুর থানার একটি খুনের মামলার আসামি । তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারিও হয়েছে ।
জানা গেছে,মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সীমান্তবর্তী ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের গড় ধলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করে হিলি থানার পুলিশ । জিজ্ঞাসাবাদে তাঁরা বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন। তামিজ প্রায় সাত বছর আগে উচ্ছনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে চকগোপাল গ্রামে বসবাস করছিল৷ অন্যদিকে তোসারফ ও মাসুদা বছর তিনেক আগে জামালপুরের অসংরক্ষিত সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ভারতে বসবাস করছিল৷ ওই তিন বাংলাদেশি তারা শ্রীমোহিনীর একটি বিদ্যালয় থেকে শংসাপত্র তৈরি করে আধার ও ভোটার কার্ড বানিয়ে ফেলে। তৃণমূলের জমানায় তারা ভোটও দিয়েছিল বলে জানা গেছে । ধৃতদের হোল্ডিং সেন্টারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এর পিছনে কোনো মানবপাচার চক্র যুক্ত আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।।
