এইদিন ওয়েবডেস্ক,আসাম,২৫ নভেম্বর : অসমের শ্রীভূমির দেওপুর এলাকায় কুশিয়ারা নদী থেকে নিখোঁজ বিএসএফ (BSF) কনস্টেবল কে বেণুর (৩২) মৃতদেহ উদ্ধার করা হয়েছে । আজ বুধবার সকাল প্রায় ৮টা ২০ মিনিট নাগাদ শ্রীভূমি জেলার স্টিমারঘাট সংলগ্ন নদীতে তাঁর দেহ উদ্ধার করা হয়। বিএসএফের মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ারের ডিআইজি এহসান শাহেদি এই খবর নিশ্চিত করেছেন ।
কে. ভেনু তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। তিনি কাছাড় জেলার কাটিগড়ার হরিনগর বর্ডার আউটপোস্টে কনস্টেবল (জিডি) পদে কর্মরত ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার এবং সোমবারের মধ্যবর্তী রাতে সন্দেহভাজন গরুপাচারকারীদের ধরার চেষ্টা করেন কনস্টেবল (ডিজি) ভেনু এবং হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব। সেইসময় সন্দেহভাজন পাচারকারীরা নদীর জলে ঝাঁপ দেয়। তাদের ধরতে জলে নামেন বিএসএফের দুই জওয়ানও। হেড কনস্টেবল যাদব সাঁতার কেটে নদীতীরে ফিরে এলেও খোঁজ মিলছিল কনস্টেবল (ডিজি) ভেনুর। তাঁর খোঁজে অভিযান শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং রিভার পুলিশের দল। অবশেষে আজ খোঁজ মেলে । তবে তিনি নদীতে তলিয়ে গিয়েছিলেন নাকি বাংলাদেশি পাচারকারীরা হত্যার পর তাকে নদীর জলে ফেলে দিয়েছিল,তা এখনো স্পষ্ট নয় । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে দেহে আঘাতের চিহ্ন না মিললেও ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে বলে বিএসএফ সূত্রে খবর।।
