এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৪ নভেম্বর : সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন যে, রাজ্যে কোনভাবেই গরু জবাই বরদাস্ত করা হবে না । কোথাও থেকে এমন খবর পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে । আর তারই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের সাগরদিঘিতে গরু জবাই করে হাতেনাতে ধরা পরল চারজন । উদ্ধার হয়েছে প্রায় ১০০ কেজি মাংস । পুলিশ জানিয়েছে, ধৃতরা হল নজফুল হক, হেসামুদ্দিন শেখ, কিতাবুল শেখ এবং শামসুল হক । ধৃতদের প্রত্যেকের বাড়ি সাগরদিঘী থানার অন্তর্গত বাবুরগ্রাম এলাকায় । আজ মঙ্গলবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে । এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা জানতে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে ।
জানা গেছে,আজ মঙ্গলবার ভোরে গোপন সূত্র থেকে সাগরদিঘির শেখদিঘির হাজিপুর এলাকায় গরু জবাই করা হচ্ছে বলে সাগরদিঘী থানায় খবর আসে । খবর পেতেই পুলিশের একটি দল সেখানে হানা দেয় । পুলিশ গিয়ে দেখতে পায় যে গরু কেটে মাংস বিক্রি করা হচ্ছে । এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে পাকড়াও করে । সেখানেই মাটি খুঁড়ে পুঁতে ফেলা হয় উদ্ধার হওয়া প্রায় ১০০ কেজি মাংস । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
উল্লেখ্য,সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গোসম্পদ রক্ষায় “গোকুল মিশন” চালু করার কথা ঘোষণা করেন । তিনি বলেন,’পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে “গোকুল মিশন” লঞ্চ করা হল । গোশালা গুলির ক্ষেত্রে ১ লক্ষ টাকা করে সহযোগিতা করা হবে। দুধ কেনার স্কিমও এই প্রকল্পে নির্ধারিত করা হয়েছে ।’ পাশাপাশি তিনি গোহত্যার বিষয়ে স্পষ্ট করে দেন,’রাজ্যে গোমাতাকে কাটতে দেব না। যে ভাবেই ব্যাখ্যা করুন না কেন। গোমাতার উপর হাত তুলতে দেবো না । এই বিষয়ে আমাদের অবস্থান কঠোর । ইতিমধ্যে একটা আইনও আছে-১৯৫০ ক্যাটেল অ্যাক্ট । হাইকোর্টের রায়ও আছে । সবকিছু আছে । তাই আপনাদের এ কথা স্পষ্ট বলে দিতে চাই যে, এরাজ্যে যে সব চলবে না ।’ অনুমান করা হচ্ছে যে,আগামী বিধানসভার অধিবেশনে গোহত্যা বন্ধ করতে কোনো কঠোর বিল আনতে চলেছে রাজ্যের শাসকদল।।
