এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৪ নভেম্বর : বাংলাদেশের রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় দুই হিন্দু যুবককে ফাঁসিয়েছে পুলিশ । আর প্রকৃত ঘাতকদের আড়াল করতে তদন্তে বিস্তর অসঙ্গতির কারনে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য অভিযোগপত্রে সংযুক্ত না থাকা এবং একাধিক অসংগতি ধরা পড়ায় আদালতে চার্জশিট জমা না দিয়ে তা ফিরিয়ে নিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।
রবিবার (২২ নভেম্বর) সকালে রংপুর মহানগর দায়রা জজ আদালতে চার্জশিট দাখিলের জন্য নিয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা মহানগর ডিবির পরিদর্শক জিন্নাত আলী। তবে আদালতের সংশ্লিষ্ট শাখায় কাগজপত্র যাচাইয়ের সময় সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। পরে চার্জশিট জমা না দিয়েই তা ফিরিয়ে নেন তিনি।
রংপুর মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হাদী বেলাল বলেন, চার্জশিটে ত্রুটি থাকায় সেটি সংশোধন করতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত বলা ঠিক হবে না।
আদালত সূত্রে জানা গেছে, তদন্তে গভীর অনুসন্ধানের পরিবর্তে গ্রেপ্তার দুই হিন্দু যুবক সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর নির্ভর করে চার্জশিট তৈরি করা হয়েছিল। অথচ সিআইডির ফরেনসিক পরীক্ষায় খেজুরের বিচি, শসার টুকরা, বিড়ির শেষাংশ এবং নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় প্যাঁচানো গামছার নমুনায় দুই আসামির ডিএনএ পাওয়ার তথ্য ছিল। এসব ফরেনসিক প্রতিবেদন চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত থাকতে পারে বলে নিহতদের স্বজন, অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা সন্দেহ প্রকাশ করে আসছেন। তদন্তে তাঁদের এই সন্দেহের বিষয়টি যথাযথ গুরুত্ব পেয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।এ বিষয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ ও মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা মন্তব্য করতে রাজি হননি। তবে কয়েক দিনের মধ্যে চার্জশিট দাখিলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।
ডিবি সূত্রের দাবি, মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক জিন্নাত আলী অল্প কিছুদিনের মধ্যে অবসরে যাবেন। এ কারণে তিনি তাড়াহুড়ো করে তদন্ত শেষ করে চার্জশিট তৈরির চেষ্টা করেছেন। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং দুই সন্তান আগামী ও আয়ুশ চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৩ আগস্ট নিহত গণপতি চক্রবর্তীর দাদা গোপীনাথ চক্রবর্তী কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পরে গণপতি চক্রবর্তীর প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলে দাবি করা হচ্ছে । প্রথমে কোতোয়ালি থানা-পুলিশ মামলাটি তদন্ত করলেও পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় মহানগর ডিবি পুলিশকে।।

