এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,২১ নভেম্বর : ‘ভারতমাতার মুর্দাবাদ’ বলা উত্তর ২৪ পরগনা জেলার কেষ্টপুরের মাংসের দোকানের এক কর্মচারীকে ধরে পেদম পিটিয়ে পুলিশের হাতে তুলে দিল ক্ষিপ্ত জনতা । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম এনামূল মোল্লা । তার বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়ায় ।
ঘটনার সূত্রপাত একটি ভাইরাল ভিডিও থেকে ৷ যেটি একটি সরকারি যাত্রীবাহী বাসের৷ জানা গিয়েছে, ঘটনাটি দিন কয়েক আগের । একটি সরকারি বাসে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় যাত্রীরা ‘ভারতমাতার জিন্দাবাদ’ শ্লোগান দিচ্ছল । পাশের আরেকটি বাসেই ছিল এনামূল মোল্লা । সে পালটা ‘ভারতমাতা মুর্দাবাদ’ শ্লোগান দেয় ৷ যার তীব্র প্রতিবাদ করেন অনান্য যাত্রীরা ৷ যদিও তখন এনামূল মোল্লাকে কেউ শারিরীক ভাবে হেনস্থা করেননি । কিন্তু সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলে নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় । তারপর থেকে জনমানসে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ।
সোশাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাকে হন্যে হয়ে খুঁজছিলেন কিছু মানুষ ৷ অবশেষে বাগুইআটি থানার কেষ্টপুরের ২৬ নম্বর ওয়ার্ডের একটি মাংসের দোকানে তার হদিশ মেলে । এরপর আজ শনিবার ক্ষিপ্ত জনতা তাকে ঘিরে ধরে গনধোলাই দেয় । পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় । পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় । অভিযুক্ত এনামূল মোল্লার পিছনে বাংলাদেশ জামাত ইসলামির ইন্ধন আছে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা । তারা বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন ।।
