এইদিন ওয়েবডেস্ক,খড়্গপুর,২১ নভেম্বর : বামফ্রন্টের শাসনকালে পশ্চিমবঙ্গে নতুন শিল্প আসা তো দুরের কথা, একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যায় । সিপিএমের ট্রেড ইউনিয়নের উৎপাতে বড়বড় শিল্পপতিরা এরাজ্য থেকে তল্পিতল্পা গুটিয়ে অন্য রাজ্যে চলে যান । বামপন্থীরা আদপে কতটা উন্নয়ন বিরোধী ছিল তার খন্ডচিত্র আজ আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি অর্থাৎ প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানের ভাষণে স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শনিবার আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি এই প্রসঙ্গে বলেন,পঞ্চাশ বছর আগেই ভারতে সেমিকন্ডাক্টর তৈরির সংস্থা এসেছিল, কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছিল।
পূর্ববর্তী সরকারগুলির মানসিকতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ দশক আগে মনে করা হতো দারিদ্র্য দূর করা সম্ভব নয় এবং পরিস্থিতি বদলানোর সাহস কারও ছিল না । বিশ্ব ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্ট তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আজ ভারত ইতিমধ্যে ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে এনেছে । আর এর শুরু লালকেল্লা থেকে গরিবদের জন্য শৌচালয় নির্মাণের মতো উদ্যোগ থেকে হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে সেমিকন্ডাক্টর তৈরির বিষয়ে পূর্বতন সরকারের অনিহার তীব্র সমালোচনা করেছেন ।
প্রধানমন্ত্রী বলেন, বিগত ৭৫ বছরে দেশ বহু পরিবর্তনের সাক্ষী থেকেছে এবং ভারত গোরুর গাড়ি থেকে বুলেট ট্রেনের যুগে প্রবেশ করেছে। ভবিষ্যতে চিপ থেকে জাহাজ—সব কিছুই দেশে তৈরি হবে। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার লক্ষ্যে খড়্গপুর আইআইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলেও তিনি উল্লেখ করেন । এজন্য আইআইটি পড়ুয়াদের “ব্রেক দ্য লিমিটস” এবং “আনলক দ্য পসেবিলিটিস”-এর আহ্বান জানান প্রধানমন্ত্রী । তরুণ প্রজন্মের উদ্দেশে সীমাবদ্ধতা ভাঙার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চ্যালেঞ্জকে পালটা চ্যালেঞ্জ জানানোই তাঁর স্বভাব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,’এক সময় খড়্গপুর আইআইটি ভবন স্বাধীনতা সংগ্রামীদের জন্য ডিটেনশন ক্যাম্প হিসাবে ব্যবহার করা হত ।’ তিনি সেই সময় মহান স্বাধীনতা সংগ্রামের চিন্তাভাবনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন,’যে ভূমি সেলফ রুলডের আকাঙ্খা রাখত, সেই ভূমি আজ সেলফ রিলায়েন্সের সংকল্প এখানে দেখা যাচ্ছে । তখন ফ্রিডমের স্বপ্ন ছিল, আজ ফিউচার বানানোর প্রচেষ্টা হচ্ছে । আকাঙ্কা থেকে আত্মনির্ভরতার এই সফর বিকশিত ভারতের জীবনী শক্তি ।’
প্রধানমন্ত্রী আহ্বান জানান, খড়্গপুর আইআইটির এই প্রাঙ্গণ থেকেই নতুন উৎসাহ নিয়ে ‘বিকশিত ভারত’ নির্মাণের কাজ আরও জোরদারভাবে এগিয়ে যাক। তিনি আত্মবিশ্বাসের সুরে জানান,২৫ বছর পর খড়্গপুর আইআইটির শতবর্ষ পূর্তি অনুষ্ঠান বিকশিত ভারতেই উদযাপন হবে ।।
