এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৮ নভেম্বর : এক সমকামী হিন্দু যুবকের সঙ্গে আর এক মুসলিম যুবকের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বাংলাদেশের মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রাম । মঙ্গলবার মাহিন মুন্সি নামে এক যুবক বিয়ের দাবিতে নবদ্বীপ চন্দ্র দাশের বাড়িতে চলে আসে। তাদের একটি ঘরের মধ্যে জড়াজড়ি করে শুয়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা দুই যুবককে ধরে দুটি পৃথক গাছের সঙ্গে বেঁধে রাখে । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ।
বাংলাদেশের গণমাধ্যমের খবর,মাহিন মুন্সি কালকিনি সদর উপজেলার বেল্লালের ছেলে৷ অন্যদিকে একই উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকালবাড়িশ গ্রামে বাড়ি নবদ্বীপ চন্দ্র দাশের । মাস চারেক আগে চ্যাটিং অ্যাপ টিকটকে পরিচয় হয় ওই দুই সমকামী যুবকের । তারপরে দু’জনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে । মঙ্গলবার (১৭ নভেম্বর) মাহিন মুন্সি বিয়ে করতে নবদ্বীপ চন্দ্র দাশের বাড়িতে চলে আসে । কিন্তু বিষয়টি জানাজানি হয়ে প্রচুর লোকজন জড়ো হয়ে দুই যুবককে ধরে আটকে রাখে ।
কিন্তু সম লিঙ্গের প্রেমকে অস্বাভাবিক মনে হয় না ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে নবদ্বীপ চন্দ্র দাশ বলেন,’মেয়েদের দেখলে আমাদের ফিলিং হয়না । একটা মেয়েকে বিয়ে করার কথা কখনো ভাবতেও পারি না । আমরা কি করব ?’ মাহিন মুন্সি বলেছেন,’আমরা জানি যে সমাজ একজন ছেলের সঙ্গে আর একজন ছেলের সম্পর্ক মেনে নেবে না । কিন্তু আমি নবদ্বীপকে ছেড়ে থাকতেও পারব না । তার থেকে ভালো হয় যে, সমাজের মানুষ আমাদের মেরে ফেলুক ।’ নবদ্বীপের দাবি,তাদের একসাথে বসবাসের অনুমতি দিক পুলিশ । তারা কাজকর্ম করে নিজেদের খরচ খরচা চালাবে এবং নিজেদের জীবনের জন্য তারাই দায়ি থাকবে বলে মুচলেকা দিতেও তারা প্রস্তুত বলে জানান তিনি ।।
