এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ নভেম্বর : আজ মঙ্গলবার(১৭ নভেম্বর) কার্তিক পূজো । দেব সেনাপতির পূজো হচ্ছে দিকে দিকে । তার আগে সোমবার রাতের অন্ধকারে কেউ বা কারা বেছে বেছে কিছু ব্যক্তিদের বাড়িতে কার্তিক মূর্তি নামিয়ে দিয়ে গেছে । সাধারণত নববিবাহিতদের জন্য পুত্রসন্তানের আগমনের অগ্রিম শুভেচ্ছে জানাতেই পরিচিত বন্ধু মহল এই কান্ড ঘটায়৷ যাতে নব দম্পতি কার্তিক পূজোর আয়োজন করে ভুরিভোজের ব্যবস্থা করে । আর সেই ভুরিভোজ খেতেই মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য্যের বাড়ির সামনে কেউ বা কারা কার্তিক মূর্তি নামিয়ে দিয়ে গেছে । মূর্তির সঙ্গে একটি চিঠিও দেওয়া হয়েছে । যাতে দেবাংশুকে “কিপটে” বলে অবিহিত করা হয়েছে । সবচেয়ে মজার বিষয় হল যে, চিঠিতে ভোজের মেনু পর্যন্ত উল্লেখ করা হয়েছে ।
চিঠিতে লেখা হয়েছে,’প্রিয় বাবা দেবাংশু ভট্টাচার্য্য তোমার ও মায়ের বিয়ের কথা শুনেই আমি আসবো পাকাপাকি করে ফেললাম। আমি আসছি তোমার ঘরে, তাই তোমার প্রিয় কার্তিকের আবদার যে আমার জন্য পুজোর পর আমার কাকাদের আমন্ত্রণ করে ভালো খাবার খাইয়ে দিও।’
এরপর ভোজের মেনু উল্লেখ করা হয়েছে : ১. স্টার্টার ফিশ ফ্রাই/ কাবাব,২. ফ্রাইড রাইস/ বাসন্তী পোলাও, ৩. মাছ কাতলা কালিয়া,৪. মাংস চিকেন/ মটন কষা যেটা খুশি,৫. চাটনি টমেটো চাটনি শেষ পাতে,৬. পাপড়,৭. মাখা সন্দেশ,৮. রসগোল্লা,৯. মিষ্টি দই এবং
১০. পান ।’ সবশেষে লেখা হয়েছে : ‘জানি তুমি প্রচন্ড কিপটে, তাই বলে আবার কার্তিক ঠাকুরের নির্দেশ অমান্য করার চেষ্টা করোনা যেন।’
উল্লেখ্য,দেবাংশু ভট্টাচার্য্য এখনো অবিবাহিত । পেশায় বিমানসেবিকা মেঘনা শর্মার সঙ্গে রবিবার আংটি বদল হয়েছে তার । শোনা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালে বিয়ের পিঁড়িতে বসতে পারেন দু’জনে। তার আগেই দেবাংশুর বাড়ির সামনে কার্তিক ফেলে দেওয়ায় তিনি আদপেই পূজো করবেন কিনা তা নিয়ে কৌতুহলের সৃষ্টি হয়েছে ।
তবে শুধু দেবাংশু ভট্টাচার্য্য একা নন,সদ্য এবছর বিবাহিত ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচীর বাড়িতে কার্তিক প্রতিমা দেওয়া হয়েছে । সোমবার রাতে কৌস্তুভ বাগচীর বাড়িতে দলীয় কর্মীরা চারটি কার্তিক প্রতিমা রেখে এসেছেন। গানবাজনা বাজিয়ে এবং আনন্দ-উৎসবের মাধ্যমে তাঁরা এই প্রতিমাগুলি পৌঁছে দেন। প্রতিমাগুলির পাশাপাশি একটি চিঠিতে নিরামিষ খাবারের তালিকাও লিখে দিয়ে যাওয়া হয়েছে। বাংলার লোকসংস্কৃতি অনুযায়ী নবদম্পতিদের বাড়িতে সন্তানলাভের কামনায় আত্মীয়স্বজন বা পরিচিতদের কার্তিক ঠাকুর ফেলে আসার রীতি রয়েছে। কৌস্তুভ বাগচী এবং প্রীতি বাগচীর বিয়ের প্রথম বছর হওয়ায় দলীয় কর্মীরা এই রীতি পালন করেছেন। আজ পূজোরও আয়োজন করেছেন বিজেপি বিধায়ক ।
তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, মমতা তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও কার্তিক প্রতিমা ফেলে রেখে এসেছে কেউ বা কারা । প্রতিমার সঙ্গে ইংরাজি হরফে একটা চিঠিও দেওয়া হয়েছে । যাতে ইতিপূর্বে বিবাহিত প্রৌঢ় কুণাল ঘোষের নামের পাশাপাশি অন্য এক মহিলার নাম লেখা আছে । সেখানে লেখা, ‘আমাকে নাও, কুণাল কুমার ঘোষ অর্পিতা চৌধুরী।’ চিরকুটে অর্পিতা চৌধুরীর নাম থাকায় বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কুণাল ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।।
