এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৭ নভেম্বর : মালদার মানিকচক-রতুয়া রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এই সিভিক ভলান্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালক । স্কুটির ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে সড়কের উপর পড়লে পিছন থেকে আসা একটি অটো তাদের পিষে দেয় । মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সুকান্ত মণ্ডল (৩৮)। তার বাড়ি নাজিরপুরের খয়েরতলা এলাকায়। তিনি মানিকচক থানায় কর্মরত ছিলেন। অপর মৃত ব্যক্তির নাম সুবোধ ঘোষ (৪৮)। তার বাড়ি রতুয়া থানা এলাকায়। তিনি পেশায় অ্যাম্বুলেন্স চালক ছিলেন বলে জানা গিয়েছে।
জানা গেছে,সোমবার সন্ধ্যায় মানিকচকের দিক থেকে একটি যাত্রীবোঝাই অটো রতুয়ার দিকে যাচ্ছিল। সেই সময় মথুরাপুর হয়ে নাজিরপুরের খয়েরতলায় নিজের বাড়ি ফিরছিলেন সিভিক ভলান্টিয়ার সুকান্ত মণ্ডল। তিনি বাইক চালাচ্ছিলেন। অভিযোগ, আচমকাই একটি স্কুটি ওভারটেক করতে গিয়ে তার বাইকে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইক থেকে ছিটকে রাজ্য সড়কে পড়ে যান সুকান্তবাবু। ঠিক সেই সময় পিছন থেকে আসা যাত্রীবোঝাই অটোটি তার উপর দিয়ে চলে যায়। এরপর অটোটি উলটে যায় । দুর্ঘটনায় গুরুতর আহত হন সিভিক ভলান্টিয়ার সুকান্ত মণ্ডলের (৩৮),অটোযাত্রী সুবোধ ঘোষ (৪৮)-সহ আরও কয়েকজন। স্থানীয়রা তাদের মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সুকান্ত ও সুবোধকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনায় স্কুটার চালক পলাতক। পুলিশ অটোটি আটক করে তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।।
