এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৬ নভেম্বর : বীরভূম জেলার বোলপুরে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলিকাণ্ডে বড়সড় অভিযান চালালো পুলিশ । ঘটনায় মূল অভিযুক্ত রতন শেখের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রমেশ লোহার এবং নুর হুসেন শেখ। বোলপুর থেকে রমেশ লোহারকে এবং লাভপুর থেকে নুর হুসেন শেখকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে । এদিকে রতন শেখের এনকাউন্টারের বিরোধিতা করেছে মৃতের পরিবার । মৃতের বৌদি চম্পা বিবির দাবি,’ও অনেক অপরাধ করেছে জানি । তবে জেলে ফেলে রাখতে পারত ওকে। অনেকেই তো জেলে সাজা খাটছে।’ তিনি জানান,দেওর রতনের মৃত্যু কিছুতেই মানতে পারছেন না তিনি ।
জানা গেছে,বীরভূমের নানুর থানার নানুর থানার বাসাপাড়া সাঁওতা গ্রামের বাসিন্দা রতন শেখের (৩৭)। বিয়ে হয়েছিল তার । সন্তানও আছে । তবে রতনের স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার পর তিনি নিজের ভাগের সম্পত্তি বিক্রি করে সাঁওতা গ্রাম থেকে চলে যান । এলাকায় ‘ক্রিমিনাল’ বলেই পরিচিত ছিলেন রতন। চুরি, বাইক ছিনতাই, মারামারি, মহিলাদের গয়না ছিনতাইয়ের মত গুরুতর ছিল । তাঁর নামে শান্তিনিকেতন, বোলপুর এবং নানুর থানা মিলে অন্তত তিন ডজন মামলার আসামি ছিলেন তিনি । বেশির ভাগ সময়েই তিনি পালিয়ে বেড়াতেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷
গত শুক্রবার (১৩ নভেম্বর, ২০২৬) সন্ধ্যায় শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েক বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযুক্ত রতন শেখকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস। তাঁর বাঁ হাঁটুর কাছে গুলি লাগে এবং বর্তমানে তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে গুলি চালানোর পর থেকেই বেপাত্তা হয়ে যান রতন । অবশেষে রবিবার বর্ধমান শহরের নবাবহাট থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেন। আর ওইদিন সন্ধ্যাতেই পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় তার । মৃত্যুর আগে ১৩ নভেম্বর বোলপুর মহকুমা আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন রতন।
আজ সোমবার সাংবাদিক সম্মেলনে বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ বলেন,’রতন শেখকে গ্রেপ্তার করার পর তিনি লায়েক বাজারে ঘটনার পরে কোথায়, কোথায় গিয়েছিলেন সব জানান । এও জানান যে, তাঁর সন্ধানে যে অস্ত্রগুলি আছে, সেগুলিও উদ্ধারে পুলিশকে সাহায্য করবেন।অস্ত্র উদ্ধারের জন্য তিনি পুলিশকে নানুরের উচকরন পঞ্চায়েত এলাকার একটি ইটভাটায় নিয়ে যান । সেখানে অস্ত্র খোঁজার ভান করে এদিক ওদিক দেখছিলেন। তারই মাঝে হঠাৎই বসে পড়েন। একটা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশের দলের দিকে তাক করে গুলি চালান। যদিও সেই গুলি পুলিশের গাড়িতে লাগে। সেল্ফ ডিফেন্সে পাল্টা গুলি চালায় পুলিশও। তখন রতন পালাতে গিয়ে পড়ে যান । কিন্তু উঠে দাঁড়িয়ে ফের গুলি চালানোর চেষ্টা করলে আআত্মরক্ষার জন্য পুলিশকেও গুলি চালাতে বাধ্য হতে হয় । তাতে গুলিবিদ্ধ হন রতন। তাকে নানুরেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসক তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন ।’
সাঁওতা গ্রামে থাকেন রতনের দাদা সালাম শেখ, বৌদি চম্পা বিবি। চম্পা জানান, রতন বিয়ে করেছিলেন। বৌ, ছেলে নিয়ে সংসার ছিল। তবে বৌ অন্য একজনের সঙ্গে ঘর ছাড়েন। এর পরে এখানে রতনের যে জমিজমার অংশ তা বিক্রি করে অন্যত্র চলে যান। অনেক দিন আগে একবার গ্রামের বাড়িতে এসেছিলেন।চম্পা বিবি বলেন, ‘আমাদের ফোন করে জানিয়েছে রতন শেখ মারা গিয়েছে। ও অপরাধমূলক কাজ করত। ৩০-৩৫টা কেস আছে, সেটাও সত্যি। তবে খারাপ লাগছে। ও খারাপ ছিল ঠিকই। কিন্তু মেরে দিল! পুলিশ আইন নিজের হাতেই তুলে নিল। ওর তো সাজা হতে পারত। অপরাধীরা তো অনেকেই সাজা খাটছে। আমরা চেয়েছিলাম, সাজা হোক। আমরা চেয়েছিলাম, ও জেলেই থাক। যেন বেরোতে না পারে। কিন্তু ভাবতে পারিনি গুলি করে মেরে দেবে। এটা আমরা চাইনি।’
পুলিশ সুপার জানান, গত ১৩ তারিখে শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েক বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রতন শেখ ও রমেশ লোহারকে দেখতে পাওয়া যায় । পুলিশ তাঁদের ধরার চেষ্টা করলে রতন শেখ বন্দুক বার করে গুলি চালান। তাতেই জখম হন পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস। পুলিশের জখম হওয়ার সুযোগ নিয়ে সেখান থেকে পালিয়ে যান রতন। রতন শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে রমেশ লোহার ও নূর হোসেন শেখকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান ।।
