এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,১১ নভেম্বর : দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতার “ত্রাস” তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বেআইনিভাবে নির্মিত বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন ৷ আদালতের নির্দেশের পর আজ বুধবার এই পদক্ষেপ নেওয়া হয়। জেলাশাসকের নির্দেশে আজ সকালেই জাহাঙ্গিরের বাড়িতে পৌঁছে যায় স্থানীয় বিডিও ও পুলিশ আধিকারিকরা৷ শুরু হয় বাড়ির ভিতরে থাকা মালপত্র সরানোর কাজ ।
জানা গেছে,ফলতার শ্রীরামপুর এলাকায় রয়েছে জাহাঙ্গিরের দুতলা বাড়িটি । বাড়িটি নিয়ম বহির্ভূত ভাবে নির্মান করা হয়েছিল বলে অভিযোগ ওঠে । অভিযোগের ভিত্তিতে প্রশাসন তদন্ত শুরু করে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত বেআইনি অংশ ভাঙার অনুমোদন দেওয়ার পর প্রশাসন নোটিশ পাঠালেও জাহাঙ্গির হাজিরা দেননি বা নির্ধারিত সাত দিনের মধ্যে নির্দেশ কার্যকর করেননি। আদালতের সবুজ সঙ্কেত এবং জেলাশাসকের নির্দেশের পরেই আজ বুধবার সকালে বুলডোজার নিয়ে তাঁর শ্রীরামপুরের বাড়িতে হাজির হন জেলা প্রশাসনের কর্তারা ।
উল্লেখ্য,তোলাবাজি,ভোট পরবর্তী সন্ত্রাস সহ একাধিক গুরুতর অভিযোগে বর্তমানে জেলবন্দি জাহাঙ্গির খান । এবারের বিধানসভার ভোটে ফলতা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছিল । ভোটও হয় । কিন্তু এবারেও জাহাঙ্গিরের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ ওঠে । শেষ পর্যন্ত পুণঃনির্বাচন হয় ওই আসনটিতে । এদিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় একে জাহাঙ্গির খান পুণঃনির্বাচনে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান৷ পরে ভারত-নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় । বর্তমানে সস্ত্রীক জেলে রয়েছে অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলে পরিচিত ওই তৃণমূল নেতা ।।
