এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১০ নভেম্বর : পাকিস্তানে চীনের নির্মানাধীন বহু-বিলিয়ন ডলারের তারবেলা বাঁধ সম্প্রসারণ প্রকল্পের জন্য আরেকটি ধাক্কা আসে যখন টানেল খননের সময় একটি বিশাল পাথর ধসে পড়ে এবং নির্মাণস্থলে জল ঢুকে যায়।বাঁধ সম্প্রসারণ জলবিদ্যুৎ প্রকল্পের পঞ্চম পর্যায়ের কাজ চলাকালে এই ঘটনাটি ঘটে। পাকিস্তানে তারবেলা ১,৫৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পে চীনা কোম্পানিগুলোও হাত মিলিয়েছে।
সংযোগ টানেল নির্মাণের জন্য পাথর ড্রিল করার সময় দুর্বল শিলার একটি বিশাল খণ্ড ধসে পড়েছে। এর ফলে টানেলের ভেতরে জল ঢুকে যায় এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের এলাকাতেও জল চলে আসে।
ফলস্বরূপ, শ্রমিকদের অবিলম্বে সরিয়ে নেওয়া হয় এবং কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়। এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঘটনাটি সম্পর্কে অবহিত পাকিস্তানের জল ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ওয়াপদা) জানিয়েছে, সকল শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় কেউ আহত বা নিহত হননি।কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, প্রধান টানেল, বিদ্যুৎ উৎপাদন ইউনিট, জলের আউটলেট এবং সুইচইয়ার্ডের কোনো ক্ষতি হয়নি।নির্মাণস্থলে জল নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। ‘ডন’ পত্রিকা জানিয়েছে, কর্মকর্তারা প্রকল্পের ক্ষয়ক্ষতি এবং পরবর্তী কার্যক্রম খতিয়ে দেখছেন।
তবে তারবেলা বাঁধ প্রকল্পে এই ধরনের দুর্ঘটনা এটাই প্রথম নয়। কয়েক মাস আগে একই প্রকল্পে জল আটকানোর জন্য নির্মিত একটি অস্থায়ী বাঁধ (কফারড্যাম) ধসে পড়েছিল।ঘটনাটি নিয়ে সরকারি তদন্তে জানা গেছে যে, অননুমোদিত নকশা পরিবর্তন এবং ঠিকাদার, পরামর্শক ও ওয়াপদার মধ্যকার চুক্তির ত্রুটিই এই দুর্ঘটনার জন্য দায়ী ছিল।
পূর্ববর্তী দুর্ঘটনার পর থেকে প্রকল্পটি অন্তত দুই বছর বিলম্বিত হয়েছিল। এছাড়াও, প্রকল্পের ব্যয়ও ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। প্রকল্পের ব্যয়, যা প্রাথমিকভাবে ৮২ বিলিয়ন পাকিস্তানি রুপি (পিকেআর) অনুমান করা হয়েছিল, তা এখন বেড়ে ৩১৭ বিলিয়ন রুপিতে দাঁড়িয়েছে। অর্থাৎ, এতে ২৮৫ শতাংশেরও বেশি বৃদ্ধি ঘটেছে।
চীনা সংস্থাগুলোর অংশগ্রহণে এই জলবিদ্যুৎ প্রকল্পটি প্রাথমিকভাবে ২০২৬ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ধারাবাহিক দুর্ঘটনা ও কাজে বিলম্বের কারণে, এটি শেষ করার নতুন লক্ষ্যমাত্রা ২০২৮ সালের জুন মাস নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পে বিশ্বব্যাংক এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক আংশিকভাবে ঋণ হিসেবে অর্থায়ন করছে।।
