প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার মেমারিতে লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালিয়ে তিন বিজেপি কর্মীকে গুরুতর জখম করার অভিযোগে গ্রেপ্তার হলো বিজেপিরই পাঁচ হামলাকারী।ধৃতদের নাম সুপ্রভাত সিং,নবকুমার মোদক,জিৎ হাজরা, অমরেশ হাজরা ও সুদেব মাঝি।এঁদের সকলেরই বাড়ি পূর্ব বর্ধমানে মেমারি থানার পূর্ব জিকরা গ্রামে ।ঘটনার দিন রাতে মেমারি থানার পুলিশ অভিযান চালিয়ে বোহার গ্রাম থেকে তাদের পাকড়াও করে। ভারতীয় ন্যায় সংহিতার ৩২৯(৩), ১১৮(২), ৩৫১(২),১০৯(১) এবং ৩(৫) ধারায় মামলা রুজু করে পুলিশ রবিবার ধৃতদের বর্ধমানের সিজেএম আদালতে পেশ করে। তদন্তের প্রয়োজনে ধৃতদের পাঁচ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ভারপ্রাপ্ত সিজএম ধৃতদের দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ঘটনার দিন রাত ৮ টা থেকে সাড়ে ৮ টার মধ্যে অভিযোগকারিণী কাকলি হালদারের স্বামী ছিদাম হালদার পূর্ব জাকরা গ্রামের বিজেপি পার্টি অফিসে বসেছিলেন। তখন পরের দিনের রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে বিভিন্ন জায়গায় বিজেপির পতাকা লাগানো হচ্ছিল।অভিযোগ,সেই কাজে আপত্তি জানান ছিদাম ও তাঁর সঙ্গে থাকা কয়েক জন বিজেপি কর্মী। তা নিয়েই প্রথমে বচসা, পরে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। এর পরেই লাঠি ও লোহার রড নিয়ে তাঁদের উপরে ঝাঁপিয়ে পড়েন অভিযুক্তেরা। প্রাণে মারার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।
মারধরে ছিদাম গুরুতর জখম হন । তাঁর হাতে তিনটি সেলাই পড়েছে। সুনীল রাজকের মাথায় সাতটি এবং হরনাথ কর্মকারের মাথায় ১৫টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে তিন জনকে উদ্ধার করে পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পতাকা টাঙানো নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর এই মারপিটের ঘটনায় মেমারির রাজনৈতিক মহলেও বেশ শোরগোল ফেলে দিয়েছে।।
