এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৪ নভেম্বর : ডাক্তারি পড়তে বাংলাদেশে গিয়ে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল জম্মু ও কাশ্মীরের বারামুল্লার এক যুবকের। মৃতের নাম আদনান আলতাফ । তার বাড়ি বারামুল্লা জেলার বুনপাড়া, দাঙ্গালপাড়ায়৷তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। নিখোঁজ হওয়ার দুদিন পর বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে তার দেহ উদ্ধার করা হয় ।এর আগে সোমবার (২ নভেম্বর) রাতে নিখোঁজ হন আদনান। পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন মৃত পড়ুয়ার মা ৷
আদনান আলতাফের বাবার নাম আলতাফ হোসাইন রাথার। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের নাগাদ তিনি নিখোঁজ হন। ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মহম্মদ সেলিম জানান, আদনান মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। এই কারণে তার মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তার নিখোঁজ হওয়ার ঘটনায় বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ তার খোঁজ করতে শুরু করে। পরে আজ সকালে স্থানীয়রা জলাশয়ে মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।।
