এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,০৪ নভেম্বর : স্ত্রীর শিরোচ্ছেদের পর কাটা মুন্ড নিয়ে ঘুরে বেড়ালো স্বামী । আজ বুধবার সকালে এমনই দৃশ্য দেখে শিহরিত হয়ে ওঠেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দারা । জানা গিয়েছে, মৃত মহিলার নাম সীমা ঘোষ সরকার (৩৫) । ঘাতক স্বামী রিন্টু ঘোষকে (৪০) গ্রেপ্তার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ । পুলিশ মৃতার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
জানা গেছে,নারায়ণপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা রিন্টু ঘোষের সঙ্গে বছর ১৫ আগে বিয়ে হয়েছিল সীমাদেবীর । তাদের দুই ছেলে রয়েছে।একসময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কন্ডাক্টর হিসেবে কাজ করত রিন্টু । পরে সেই চাকরি ছেড়ে দেন। স্থানীয়দের দাবি, রিন্টু তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত । মাঝেমধ্যেই তাকে তান্ত্রিকের বেশে দেখা যেত বলে দাবি করেছেন স্থানীয়রা । এছাড়া,আর্থিক কারণে কয়েক দিন ধরে স্ত্রীর সঙ্গে তার অশান্তি চলছিল বলে প্রতিবেশীদের সূত্রে খবর।
স্থানীয় সূত্রে জানা গেছে,আজ বুধবার সকালে একটি বারমুডা প্যান্ট ও গেঞ্জি পরা অবস্থায় রিন্টু ঘোষকে এলাকায় ঘুরতে দেখা যায় । তার পেটের কাছে গেঞ্জি রক্তে ভেজা ছিল । কিন্তু তার হাতের দিকে নজর পড়তেই শিহরিত হয়ে উঠেন স্থানীয়রা । কারন রিন্টুর হাতে ধরা ছিল তার স্ত্রীর কাটা মুন্ডটি । ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ঘটনাস্থলে কয়েক হাজার মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি মৃতার দেহ উদ্ধার করে । ঠিক কী কারণে নিজের স্ত্রীকে সে এমন নৃশংসভাবে খুন করল, তা খতিয়ে দেখছে পুলিশ।।

