এইদিন ওয়েবডেস্ক,পশ্চিম মেদিনীপুর,৩১ অক্টোবর : দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের বিক্ষোভে যোগ দিতে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । যে বিক্ষোভে সামিল হয়েছে সিপিএমও । এদিকে দিল্লিতে মমতা তৃণমূল ও সিপিএমের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আজ শনিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় দলের “গণতন্ত্র বাঁচাও সভা”য় সিপিএমের সঙ্গে মমতা ব্যানার্জি ‘গোপন আঁতাত’-এর তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী ।
তিনি বলেন,’আজকে দিল্লিতে বেবি আর আন্টির ভাব হয়ে গেছে । আন্টি মানে কে জানেন তো ? একটাই আন্টি…পিসি । আর সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি । এই দুজনার এখন ভাব ভালোবাসা হয়ে গেছে । তাই আজকে আমরা যখন এখানে আপনাদের উন্নয়ন করতে চাইছি, তখন তারা আপনাদের এই এলাকায় অশান্তির পাকানোর ষড়যন্ত্র করছে ।’
সিপিএমের অতীত সন্ত্রাসের কথা স্মরণ করিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন,’এখনতো যাহাই তৃণমূল তাহাই সিপিএম । দু’পক্ষ মিলেমিশে একাকার হয়ে আবার সেই নৈরাজ্যের দিন ফিরিয়ে আনতে চায় । রুখে দেবেন তো আপনারা ?’ তিনি আরও বলেন,’যে একটি বিশেষ গোষ্ঠীর লোকেরা, খড়কোশবা ও চমকাইতলার লোকেরা, যারা অত্যাচার করেছে এখন জামা বদল করে লাল জামা পরার চেষ্টা করছে ।’
সম্প্রতি গড়বেতায় সভা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । সভায় তিনি বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছিলেন । এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন,’মোহাম্মদ সেলিম আপনার এত সাহস ! আপনি বলেছেন বিজেপি এসেছিল সিপিএমকে আক্রমণ করতে । আর জনগণ নাকি প্রতিরোধ করেছে ।’ এরপর তিনি ছোট আঙারিয়া থেকে শুরু করে ২০০৭ সালে গড়বেতার সিপিএমের অফিস থেকে যে সমস্ত সিপিএমের হার্মাদরা নন্দীগ্রামে সন্ত্রাস চালিয়েছিল, সেই সমস্ত হিংসার ঘটনার ফাইল খোলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন ভোটের সময় ডাক্তার প্রণত টুডুর মাথা ফাটিয়ে দেওয়ার প্রসঙ্গও তোলেন তিনি। ওই মামলার এফআইআরের কপি তাঁকে পাঠানোর নির্দেশ দিয়ে শুভেন্দু জানান, এই মামলায় ক’জন গ্রেপ্তার হয়েছে আর ক’জন হয়নি, তা তিনি নিজে খতিয়ে দেখবেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,’যাঁরা গ্রেপ্তার হয়নি, তাঁদের চুলের মুঠি ধরে জেলে ঢোকাতে হবে ।’
পাশাপাশি তৃণমূল ও বামেদের একাসাড়িতে রেখে শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল ও সিপিএমের মধ্যে কোনো তফাত নেই এবং যাহাই তৃণমূল, তাহাই সিপিএম । গড়বেতার মানুষকে অভিনন্দন জানিয়ে তিনি জানান, এখানকার মানুষ দ্বিতীয় স্বাধীনতার আনন্দ উপভোগ করছেন এবং ‘চোর তৃণমূলকে’ মানুষ শূন্য করে দিয়েছে। তৃণমূল প্রচুর অত্যাচার করেছে এবং কাউকেই রেয়াত করা হবে না বলে হুঙ্কার দেন তিনি।
কলকাতা ও হাওড়ার আসন্ন পুরভোট নিয়ে আক্রমণ শানিয়ে শুভেন্দু জানান, মানুষ সিপিএম ও তৃণমূলকে ধুয়েমুছে সাফ করে দেবে। ফলতা, রেজিনগর ও নন্দীগ্রাম— তিন আসনেই বিজেপি জিতেছে এবং আগামী পুরভোটেও তৃণমূল ও বামেরা শূন্য পাবে বলে দাবি করেন তিনি।।
Author : Eidin Desk.

