এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৮ অক্টোবর : ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্যত নিঃস্ব হয়ে গেলেন মালদা জেলার রতুয়া-১ ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক রাজকুমার রবিদাস । আজ বুধবার দুপুরে আচমকা আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছে তার গোটা বাড়ি । তিনটি ঘর এবং ঘরে থাকা আসবাবপত্র, সোনাদানা-সহ যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে । তবে বরাত জোরে প্রাণে বেঁচে গেছেন রাজকুমারের স্ত্রী রূপালী রবিদাস এবং তাদের দুই নাবালক সন্তান ।
জানা গেছে,রাজকুমার রবিদাস বর্তমানে ভিন রাজ্যে রয়েছেন । দুই নাবালক সন্তানকে নিয়ে বাড়িতে রয়েছেন তার স্ত্রী রূপালীদেবী । দুপুরের দিকে রূপালী রবিদাস দুই নাবালক সন্তানকে বাড়িতে রেখে প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন। আর ঠিক সেই সময় আচমকাই তাদের বাড়ি থেকে ধোঁয়া ও আগুন বের হতে শুরু করে । তড়িঘড়ি ছুটে আসেন রূপালী দেবী । ছুটে আসেন প্রতিবেশীরা ৷ প্রথমে দুই শিশুকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় । স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগানোর পাশাপাশি পুলিশ ও দমকলকে ফোন করে খবর দেয় । খবর পেয়ে রতুয়া থানার পুলিশ ও চাঁচল দমকল বিভাগের একটি ইঞ্জিন আসে । দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে । প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । তবে তার আগে তিনটি ঘর ও ঘরে থাকা যাবতীয় সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে যায় । দমকল বিভাগের প্রাথমিকভাবে অনুমান, বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত ।
রূপালী রবিদাস জানিয়েছেন,তার শিশুকন্যার চিকিৎসার জন্য বাড়িতে আড়ায় লক্ষ টাকা জমানো ছিল । সব পুড়ে গেছে । এছাড়া আসবাবপত্র ও সোনাদানা-সহ গুরুত্বপূর্ণ সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি । এদিকে সর্বস্ব হারিয়ে কার্যত পথে বসেছে ওই পরিবারটি । ক্ষতিগ্রস্ত পরিবারটিকে অবিলম্বে সমস্ত রকম সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা ।।

