এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৫ অক্টোবর : বাংলাদেশে ফের নির্মমভাবে খুন হয়ে গেল এক হিন্দু । এবারে বাংলাদেশের দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়কে (৫৫) পিটিয়ে মেরে ফেলা হয়েছে । নিহত ব্যক্তি উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের মৃত অসীম চন্দ্র রায়ের ছেলে ৷ আজ রবিবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে,নয়া মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা প্রয়াত আজিজুল মাস্টারের বাড়ির পাশের রাস্তার জমি নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান ও তাঁর লোকজনের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল। আজ রবিবার দুপুর আড়াইটার দিকে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। বিরোধ মীমাংসা তথা পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান শিক্ষক মনোরঞ্জন রায়। সেই সময় আসাদুজ্জামান ও তার সহযোগীরা শিক্ষকে গাছের ডাল ও লাঠি দিয়ে মনোরঞ্জন রায়কে এলোপাতাড়ি মারধর করে। তিনি রক্তাক্ত অবস্থায় পাশের একটি ধানক্ষেতে লুটিয়ে পড়েন । ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্থানীয় বাসিন্দা আল রোমান। পরে পার্বতীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসাদুজ্জামানকে আটক করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।।
