এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৫ অক্টোবর : মুর্শিদাবাদের ফরাক্কার ২০ বছরের যুবক মুবারক শেখ(২০)কে খুনের ঘটনায় দেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে খুনের কিনারা করল পুলিশ । এই ঘটনায় পুলিশ শনিবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নাসিরুদ্দিন শেখ(৩৪) ওরফে মিস্টার । সে ফারাক্কা থানার অর্জুনপুর সাঁকোপাড়া এলাকার বাসিন্দা আইনুল হকের ছেলে । জঙ্গিপুর অতিরিক্ত জেলা পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস আজ রবিবার সকালে সাংবাদিক সম্মেলনে জানান, মৃত ও ধৃতের মধ্যে “বিকৃত অবৈধ সম্পর্ক” ছিল । সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে । আজ ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তুলে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ।
জানা গেছে,মৃত মুবারক শেখ(২০) ফারাক্কা থানার আমতলা এলাকার বাসিন্দা মোজাম শেখের ছেলে । শুক্রবার সকালে ঝাড়খণ্ডের সীমান্তের কাছে মাঠের মধ্যে তার গলাকাটা লাশ উদ্ধার হয় । খবর পেয়ে অকুস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস জানান, অকুস্থলের পাশেই পড়ে ছিল খালি মদের বোতল । সেটি উদ্ধার করে আনা হয় । তারপর ঘটনার তদন্তে নেমে ওই মদ কোন দোকান থেকে কেনা হয়েছিল তা খুঁজে বের করা হয় । শেষ পর্যন্ত সেই দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নাসিরুদ্দিন শেখকে চিহ্নিত করা হয় । তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সে নিজের অপরাধ কবুল করে জানায় যে তাদের মধ্যে “বিকৃত অবৈধ সম্পর্ক” ছিল ।
জানা গেছে,মুবারক শেখ অবিবাহিত হলেও ধৃত নাসিরুদ্দিন শেখ বিবাহিত । তারা উড়িষ্যা এলাকায় পরিযায়ী শ্রমিকের কাজ করত । সেখানেই তাদের মধ্যে সমকামী সম্পর্ক গড়ে ওঠে । প্রায় এক বছর ধরে তাদের মধ্যে এই প্রকার বিকৃত সম্পর্ক চলছিল । পুলিশ সুপার জানান,ধৃতকে জেরা করে জানতে পারা যায় যে সাম্প্রতিক কিছুদিন ধরে তাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। তার জেরে মুবারককে খুনের পরিকল্পনা করে নাসিরুদ্দিন৷ সে পুলিশের জেরায় জানিয়েছে,বৃহস্পতিবার রাতে মদ খাওয়ার অছিলায় আমতলা যায় নাসিরুদ্দিন শেখ৷ মুবারক শেখকে সে ফাঁকা মাঠে ডেকে নেয় । তার আগে সে দোকান থেকে মদ কিনে নিয়ে যায় । মুবারক মদ খেয়ে বেহুঁশ হয়ে পড়লে তার জামাপ্যান্ট খুলে তা দিয়ে তার হাত-পা বেঁধে ফেলে নাসিরুদ্দিন । তারপর মুবারকের গলা কেটে পালিয়ে যায় । পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতকে জেরা করে এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা চলছে ।।

