এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২২ অক্টোবর : দরজা ভেঙে তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধরের অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । ধৃত বিজেপি কর্মী প্রসেনজিৎ মোদক কাটোয়া শহরের ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা । একই এলাকার বাসিন্দা তৃণমূল কর্মী অনিন্দ্য ভাস্করের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় অভিযুক্তের তালিকায় আরও কয়েকজনের নাম রয়েছে৷ পুলিশ তাদের খুঁজছে ।
কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে বাড়িতে চড়াও হয়ে হামলার অভিযোগ তুলে কাটোয়া থানার দ্বারস্থ হন অনিন্দ্য ভাস্কর । তার অভিযোগ, রবিবার ভোরে প্রসেনজিৎ মোদক সহ কয়েকজন তাঁদের বাড়িতে চড়াও হয় । । দরজা ভেঙে বাড়িতে ঢোকার পর তাকে ব্যাপক মারধর শুরু করে। তিনি লুটিয়ে পড়লে স্ত্রী ও মা বাঁচাতে আসেন। কিন্তু তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ তার ।
জানা গেছে,অভিযোগকারী অনিন্দ্য ভাস্কর সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত । তিনি প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ছিলেন । তৃণমূলের জমানায় কাটোয়া পুরসভার অস্থায়ী কর্মীর কাজ করতেন । কিন্তু রাজ্যে পালাবদলের পর কাটোয়ার কয়েকজন তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। গ্রেপ্তারও হন কয়েকজন । তাদের মধ্যে অনিন্দ্য ভাস্করও ছিলেন । পরে যদিও জামিনে ছাড়া পেয়েছেন। কিন্তু তাকে পুরসভার কাজ হারাতে হয় ।।

