এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৬ অক্টোবর : দুর্গাপূজার আবহেই ফের নৃশংসভাবে খুন করা হল বাংলাদেশের এক হিন্দুকে । এবারে বাংলাদেশের সাতক্ষীরায় মাছ চুরির মিথ্যা অভিযোগে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হিন্দু ব্যবসায়ীকে খুন করা হয়েছে । মৃতের নাম ক্ষিতিশ মন্ডল (৫২) । আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ক্ষিতিশ মন্ডল তালা উপজেলার জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে। তিনি নিজেও মাছের ঘের ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে জেয়ালা উত্তর খোলা বিলের বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশকে আটক করা হয়। পরে তাকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে গাছে বেঁধে নির্যাতন করা হয়। এ সময় তার হাত-পা ভেঙে দেওয়া এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় । রাতভর নির্যাতনের পর শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের খুড়তুতো ভাই পার্থ মন্ডল এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষিতিশ মন্ডলের নিজেরই চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। মাছ চুরির সন্দেহে একজন মানুষকে রাতভর গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হবে, এটা মেনে নেওয়া যায় না। এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন তিনি ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাছ চুরির অপবাদে ক্ষিতিশ মন্ডলকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।।
