এইদিন স্পোর্টস নিউজ,১৬ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আর্শদিপ সিংকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে । তার পরিবর্তে এই সিরিজ নির্ধারণী ম্যাচে অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করা হয়েছে । ইতিমধ্যেই তাকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে । বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে,“আর্শদিপের চোট থেকে সেরে ওঠার অগ্রগতি বিবেচনায় নিয়ে ম্যাচের আগে তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি এখন ২-২ সমতায়। বেঙ্গালুরুতে শনিবার শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। হায়দরাবাদে ক্যারিবিয়ানদের বিপক্ষে চতুর্থ টি-২০ ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান আর্শদিপ। শামার জোসেফের একটি বলের আঘাতে কাঁধে চোট পান তিনি। এরপর আর্শদিপ আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি । তিনি রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যাওয়ায় দুই বল বাকি থাকতে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের ২৪৭ রান তাড়া করতে গিয়ে ২২৩ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। বোলিংয়ে এক উইকেট নেওয়া আর্শদিপ মাত্র ৪ বল খেলে করেন ৫ রান।
এদিকে, অনেক আলোচনার পর গত ৬ অক্টোবর চার বছরের অপেক্ষা শেষে ভারতের টি-টোয়েন্টি দলে ফেরেন ৩৬ বছর বয়সি ভুবনেশ্বর। চলতি মাসের শেষ দিকে নিউ জিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হতে চলা টি-২০ সিরিজের দলে তাকে রাখা হয়েছে।একসময় ভারতের তিন সংস্করণের দলেই নিয়মিত ছিলেন ভুবনেশ্বর। সময়ের সাথে সাথে তিনি জায়গা হারান সব সংস্করণ থেকেই। ভারতের হয়ে ২১ টেস্টের সবশেষটি খেলেন ২০১৮ সালে, ১২১ ওয়ানডের সবশেষটি ২০২২ সালে। ওই বছরই শেষবার টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
জাতীয় দলে ডাক পাওয়ার পর গত সপ্তাহে ফিটনেস পরীক্ষার জন্য বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে যোগ দেন ভুবনেশ্বর। আর নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বোলিং নিয়ে কাজও শুরু করে দিয়েছেন তিনি। এই সংস্করণে সবশেষ গত সেপ্টেম্বরে মাঠে নামেন ডানহাতি পেসার, ইউপিটি টোয়েন্টি লিগে।
নিউজিল্যান্ড সফরের দলে আছেন আর্শদিপও। তার চোট এমন সময়ে এসেছে, যখন অন্য পেসারদের চোটের কারণে ওয়ানডে দল গঠন নিয়েও ভাবতে হচ্ছে ভারতের নির্বাচকদের। চোট পাওয়া পেসারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রাসিদ্ধ কৃষ্ণা ও হর্শিত রানা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম চারটি টি-২০ খেলেছেন আর্শদিপ, নিয়েছেন পাঁচ উইকেট। শেষ ম্যাচের দলে ভুবনেশ্বর ও আর্শদিপ ছাড়া বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন মায়াঙ্ক যাদব ও প্রিন্স যাদব। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন নিতিশ কুমার রেড্ডি ও শিবম দুবে।
শেষ টি-২০ দলে ভারতীয় একাদশ : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), আভিষেক শার্মা, বৈভব সূর্যবংশী, ইশান কিষান, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, নিতিশ কুমার রেড্ডি, আর্শদ্বীপ সিং, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব, নমন ধির এবং ভুবনেশ্বর কুমার।
