এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,১১ অক্টোবর : নবান্নের অদূরেই এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল । আজ রবিবার সকালে নবান্ন থেকে প্রায় দেড়শো মিটার দূরে হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে দুটি বহুতল বাড়ির মাঝখানের রাস্তা থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ । জানা গেছে, মৃত যুবকের নাম অঞ্জন চক্রবর্তী (৩৫) ওরফে ছোটকা । তিনি ওই এলাকারই বাসিন্দা । তার মাথার ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল । পাশে পড়েছিল একাধিক লোহার পেরেক। ফলে যুবকের মৃত্যুর কারন নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে ।
জানা গেছে,এদিন সকাল প্রায় ১১ টা নাগাদ স্থানীয় বাসিন্দারা ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন । খবর পেয়ে চ্যাটার্জিহাট থানার পুলিশ ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । জানা গেছে,মৃত যুবক অবিবাহিত । স্থানীয় একটি কাঠের গোলায় কাজ করতেন । নেশা করলেও কারোর সঙ্গে কোনো বিবাদ ছিল না বলে জানান স্থানীয় বাসিন্দারা । তাদের সন্দেহ যে, যুবককে মাথা থেঁতলে খুন করা হয়েছে ।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে,মৃত যুবক নেশায় আসক্ত ছিলেন । ফলে নেশার ঘোরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছস কিনা খতিয়ে দেখছে পুলিশ । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ।।

