এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১১ অক্টোবর : ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং আইসা ও এসএফআই-এর মতো বাম সংগঠনগুলি সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১০ই অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল । দিল্লি পুলিশ এই বিক্ষোভের অনুমতি দেয়নি । যেকারণে সিজেপি- এর নেতাদের গতকাল গ্রেপ্তার করেছিল পুলিশ । কিন্তু আজ শান্তি ও সচ্চরিত্র বজায় রাখার শর্তে এবং ৫০,০০০ টাকার জামিননামা দাখিল করে মুক্তি পেলেন ‘আরশোলা’দের নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস । দিল্লি পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, “১০.১০.২০২৬ তারিখে বিএনএসএস-এর ধারা ১২৬/১৭০ অনুযায়ী অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে প্রতিরোধমূলক গ্রেপ্তার করা হয়। সমস্ত যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং ১১.১০.২০২৬ তারিখে তাঁদের দিল্লি ক্যান্টনমেন্টের এসইএম আদালতে হাজির করা হয়।শান্তি ও সচ্চরিত্র বজায় রাখার শর্তে এক বছরের জন্য ৫০,০০০/- টাকার জামিননামা দাখিল করা হয় এবং এসইএম আদালত তাঁদের মুক্তি দেয়।”
এছাড়া,গতকাল সকালে গুরুগ্রামে নিজ বাড়ি থেকে দিল্লি পুলিশের হেফাজতে নেওয়া ধ্রুব রাঠিকে আজ সকালে মুক্তি দেওয়া হয়েছে। আজ সকালে দীপকে ও অন্যদের গ্রেপ্তারের খবর নথিভুক্ত হওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়। পুলিশ জানিয়েছে যে, জার্মান নাগরিক ধ্রুব রাঠি যেন বিক্ষোভে অংশ না নেন এবং তা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাঠি হরিয়ানার অধিবাসী।
এদিকে, সিজেপি স্পষ্ট করে দিয়েছে যে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তারা অটল এবং প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে। সিপিএম সাধারণ সম্পাদক এম. এ. বেবিও জানিয়েছেন যে দিল্লিতে ধর্মঘট চলবে এবং তিনি ইন্ডি জোটের অংশ হিসেবে এই বিক্ষোভে অংশ নেবেন।
দিল্লি পুলিশ যন্তর মন্তরে এই বিক্ষোভের অনুমতি দেয়নি এবং গত জুলাই মাসের বিক্ষোভের সময়কার হিংসার পর নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তা জোরদার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দিল্লি পুলিশের জন্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ২২১টি কোম্পানি, যার মধ্যে প্রায় ২৩,০০০ কর্মী উপলব্ধ করেছে। প্রতিবেদন অনুসারে, দিল্লিতে মোট ২৬,০০০ সিএপিএফ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।।

