এইদিন ওয়েবডেস্ক,ময়মনসিংহ,২৪ সেপ্টেম্বর : বাংলাদেশে হিন্দু নরসংহার অব্যাহত । এবারে বাংলাদেশের ময়মনসিংহ নগরীর একটি খালের জলে প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে উদ্ধার হল এক হিন্দুর রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ । নিহত ব্যক্তির নাম চন্দ্র সূত্রধর (৫০)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রমেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। তিনি সোনা রূপোর গহনার কারিগর ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিরঞ্জন চন্দ্র সূত্রধর স্ত্রী ও সন্তানদের নিয়ে ময়মনসিংহ নগরীর স্টেডিয়াম এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বেগুনবাড়ি ব্লুইসগেট এলাকার খাল থেকে একটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। স্থানীয়দের নজরে আসার পর ড্রামটির বিষয়ে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে পুলিশ। পরে ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার সকালে খালের জলে ড্রামটি ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ড্রামটি উদ্ধার করে দেহটি বের করে আনে। পরে ময়নাতদন্ত শেষে বুধবারই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতের মাথা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাঁকে হত্যার পর দেহটি একটি ড্রামের মধ্যে রেখে খালের জলে ফেলে দেওয়া হয়েছে । এ ঘটনায় হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।।

