শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),২৪ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গের এমন বহু ঐতিহ্য আছে যেগুলি শুধুমাত্র পূর্বতন ক্ষমতাসীন দলগুলির পৃষ্ঠপোষকতার অভাবে শেষ হয়ে যেতে বসেছে । এমনই একটি ঐতিহ্য হল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর “মসলিন জামদানি” শাড়ি । হাড় ভাঙা পরিশ্রম করেও কম বেতনের কারনে তীব্র দারিদ্রের সঙ্গে লড়াই করছেন তাঁতিরা ৷ বিগত প্রায় অর্ধ শতাব্দী ধরে পশ্চিমবঙ্গের সরকারগুলির দুর্নীতি আর বঞ্চনার শিকার হয়ে পরিবারের অন্ন সংস্থানের ব্যবস্থা করতে পুরুষ সদস্যরা আজ পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন ৷ তবে কিছু পরিবারের মহিলারা এই প্রাচীন ঐতিহ্যকে আজও টিকিয়ে রেখেছেন । স্থানীয় বিজেপি নেতা গৌড় ঘোষের কথায়,’পূর্বস্থলীর “মসলিন জামদানি” শিল্পকে শেষ করে দিয়েছে গেছে সিপিএম । আর তৃণমূল কফিনে শেষ পেরেক পুঁতে দিয়ে গেছে।’
ভাগিরথীর তীরবর্তী পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকা একসময় ছিল সমৃদ্ধ জনপদ । বিভিন্ন শাকশব্জি,ফলমুলের পাশাপাশি হাতের কাজের জন্য এলাকাটি বিখ্যাত ছিল। প্রায় ঘরে ঘরে ছিল হস্তচালিত তাঁত ৷ ভোর হতেই তাঁতের খটাখট শব্দে মুখরিত হয়ে উঠত গোটা এলাকা ৷ স্বাধীনতা উত্তর সময়ে তাঁতের কদর থাকায় তাঁতি পরিবারগুলি সমৃদ্ধ ছিল । কিন্তু পাওয়ার লুম আসার পর থেকে তাদের জীবনে আসতে থাকে ঘোর অন্ধকার । একদিকে কঠিন প্রতিযোগিতা, তার উপর সরকারের উদাসীনতার কারনে তাঁত মাচায় তুলে রেখে বিকল্প পেশার সন্ধানে বেরিয়ে পড়েন পরিবারের পুরুষ সদস্যরা ।
তবে আজও এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে পূর্বস্থলী থানার লক্ষ্মীপুর স্টেশন সংলগ্ন মিসবাপুর, বাবুইডাঙা ও সিংহারি এলাকার কিছু পরিবার । আজ বৃহস্পতিবার সকালে মিসবাপুরের গিয়ে দেখা গেল জাহিরা বিবি ও তার স্বামী একমনে তাঁত বুনছেন । পাশে তাদের ছোট্ট শিশুসন্তান এসে জাহিরা বিবিকে একটানা “মা মা” বলে ডেকে যাচ্ছে । কিন্তু সন্তানকে কোলে নেওয়ার সময় নেই তার । তাই তাঁত বুনতে বুনতেই তিনি শিশুটিকে “হুঁ হাঁ” বলে উত্তর দিচ্ছেন।
করগেট দিয়ে ঘেরা ও করগেটের ছাউনির কয়েকটি ঘুপচি ঘরে বসবাস জাহিরা বিবিদের । তার মধ্যে একটা লম্বা ঘরে রয়েছে তিনটির মত হস্তচালিত তাঁত । একটিতে স্বামীর সঙ্গে তিনি তাঁত বোনেন । অন্যগুলিতে চুক্তিতে তাঁত বোনার কাজ করেন স্থানীয় ২-৩ জন মহিলা । তাঁত বোনার ফাঁকে রান্না ও অনান্য গৃহস্থালির কাজ সারতে হয় জাহিরা বিবিকে৷ তিনি বলেন, ‘এভাবেই প্রতিদিন সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত তাঁত বোনার কাজ করি ।’
জাহিরা বিবি বলেন,’রেশম সুতার একটা সাড়ে ১২ হাত বা সাড়ে ৫ মিটার শাড়ি সম্পূর্ণ করতে সাত দিন সময় লাগে । শাড়ি বোনার পর তাতে হাতে নকসা করতে হয় । একটা শাড়ির মজুরি ১১০০ টাকা । ভাগাভাগি করে পাই সাড়ে ৫৫০ টাকা । ওটাই আমাদের সাত দিনের পরিশ্রমের মজুরি ।’
স্থানীয় বাজারে এই শাড়ির চাহিদা কম থাকায় মজুরিও তুলনামূলকভাবে কম বলে শিল্পীদের একাংশের দাবি। ফলে ধীরে ধীরে এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পুরুষ কারিগররা। অনেকে কাজের সন্ধানে ভিন্রাজ্যে পাড়ি দিয়েছেন । সেখানে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন । শিল্পীদের বক্তব্য, মসলিন কাপড়ে নকশা তোলার পর সেই কাজের জন্য তাঁরা যে মজুরি পান, তা পরিশ্রমের তুলনায় যৎসামান্য। স্থানীয় বাজারে সরাসরি বিক্রির সুযোগও সীমিত। ফলে অনেক ক্ষেত্রে মহাজনের মাধ্যমে শাড়ি বিক্রি করতে হয়। শিল্পীদের দাবি, তাঁদের কাছ থেকে কম দামে নেওয়া সেই শাড়িই বিভিন্ন হাত ঘুরে শহর বা অন্য বাজারে ক্রেতাদের কাছে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। কিন্তু তারা পরিশ্রমের যথাযথ মূল্য পাচ্ছেন না ।
মিসবাপুরের বাসিন্দা বিজেপির জেলা কমিটির সদস্য গৌড় ঘোষ বলেন, ‘একসময় এলাকায় প্রচুর মানুষ তাঁত বুনে জীবিকা নির্বাহ করতেন । প্রায় ৯০ শতাংশ বাড়িতে তাঁত চলত । এক একটা বাড়িতে ১০-১২ টা করে হস্তচালিত তাঁত ছিল । শুধু এই গ্রাম নয়, আশপাশের বাবুইডাঙ্গা,সিঙারি, লক্ষ্মীপুর, তামাঘাটা, কোমলনগর-সহ এলাকার সিংহভাগ গ্রাম তাঁত শিল্পের উপর নির্ভরশীল ছিল । শৈশব কাল থেকে স্কুলে পড়াশোনার পাশাপাশি তাঁতের কাজ করতো । বাড়ির মহিলারা গৃহস্থালির কাজ করে তাঁত বুনতেন । কিন্তু বর্তমানে এই তাঁত শিল্পটা শেষ হয়ে গেছে ।’
তিনি বলেন,’তবে এটা একদিনে হয়নি । বিগত বামফ্রন্ট সরকার সমবায়ের মাধ্যমে চুরি-দুর্নীতি- রাহাজানি এমন করেছিল যে এই শিল্পটা ধ্বংস করে দিয়ে গেছে । তৃণমূল আসার পরে আমরা ভেবেছিলাম হয়তো এই শিল্পটা পুনরুজ্জীবিত করবে । কিন্তু তৃণমূল এসে কফিনের শেষ পেরেক পুঁতে দিয়ে গেছে । তারা হয়তো কিছু তাঁত বিলি করেছে । কিন্তু উৎপাদিত কাপড় কোথায় বিক্রি করবে সেই রাস্তা দেখিয়ে যায়নি ।’
শিল্পীদের কথায়, পর্যাপ্ত মজুরি ও বাজারের সুযোগ না বাড়লে আগামী দিনে এই ঐতিহ্যবাহী শিল্পে নতুন প্রজন্মের আগ্রহ আরও কমতে পারে। ইতিমধ্যেই এলাকায় মসলিন জামদানি তৈরির সঙ্গে যুক্ত কারিগরের সংখ্যা কমেছে বলে তাঁদের দাবি।স্থানীয় শিল্পীদের প্রত্যাশা, সরকারি বা বেসরকারি উদ্যোগে সরাসরি বাজারের সঙ্গে তাঁদের যোগাযোগ তৈরি হলে এবং ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত হলে এই শিল্পকে আবারও টিকিয়ে রাখা সম্ভব হবে।গৌড় ঘোষ বলেন, ‘বর্তমানে রাজ্যের ডবল ইঞ্জিন সরকার এসেছে । আমরা চাইবো এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য । আর পশ্চিমবঙ্গের মা বোনেদের কাছে আবেদন করব আপনারা বাঙালিয়ানায় ফিরে আসুন । জিন্স, প্যান্ট,শালোয়ার কামিজের পাশাপাশি তাঁতের পোশাকও পরুন । তাতে এই শিল্পটা বেঁচে যাবে ।’।

