এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২১ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ইথানল কারখানায় একাধিক দাবিতে বিক্ষোভ দেখালো শতাধিক শ্রমিক । স্টার্লিং ডিস্টিলার্স প্রাইভেট লিমিটেড নামে ইথানল কোম্পানির কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ড বা পিএফ -এর টাকা আত্মসাৎ করার মত গুরুতর অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা । সেই সাথে বেতনবৃদ্ধি এবং কোম্পানির সঠিক পরিচয় পত্র-সহ একাধিক দাবি জানানো হয়েছে ।
শ্রমিকদের অভিযোগ, তাঁরা সময় মতো বেতন পান না। প্রত্যেকদিন ৫০ টাকা করে কেটে নেওয়া হয়। কর্তৃপক্ষ সাথে কথা বলতে গেলে তাদেরকে কাছ থেকে ছাড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করার পরেও কারখানার তরফ থেকে তাঁদের কোনও সুযোগসুবিধা দেওয়া হয়নি। কাজের কোনও নিরাপত্তাও নেই। বেতন সংক্রান্ত চুক্তি হয়নি। বেতনও বৃদ্ধি হচ্ছে না। অথচ কারখানার কর্তৃপক্ষ কাজের চাপ বাড়িয়ে যাচ্ছেন। এমনকি স্টার্লিং ডিস্টিলার্স প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ করলেও তাদের সমস্ত কিছু কমলিকা এন্টারপ্রাইজ এর নামে আছে । কমলিকা এন্টারপ্রাইজের কোন কর্মী বা আধিকারিক কোনদিনও তাদের সাথে কথা বলার প্রয়োজন বোধ করেনি ।
কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে খারাপ ব্যবহারেরও অভিযোগ তুলেছেন শ্রমিকরা। এই সমস্ত বিস্তর অভিযোগ তুলে আজ সোমবার কারখানার গেটে শ্রমিকরা তুমুক বিক্ষোভ দেখান। তাঁদের হুঁশিয়ারি, দাবি না মেটা পর্যন্ত বিক্ষোভ চলবে । যদিও এখনো পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের কোনো আশ্বাস বা মন্তব্য সামনে আসেনি ।।

