এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,২১ সেপ্টেম্বর : বিজেপির পূর্বতন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার মামলায় আগ্নেয়াস্ত্র সহ ২ তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতরা হলেন,একতারা অঞ্চলের প্রধানের স্বামী সঞ্জীব মণ্ডল ও উত্তর কুসুমের নেতা রিপন মোল্লা। রবিবার মগরাহাট পশ্চিম থেকে তাদের গ্রেপ্তার করা হয় ৷ পুলিশের দাবি, সঞ্জীবের বাড়ি থেকে ৩টি ৯ এমএম পিস্তল, ১টি দেশি রিভলভার ও কার্তুজ উদ্ধার হয়েছে।এছাড়া, মগরাহাটের সিরাকোল মোড়ে জে.পি. নাড্ডার গাড়িতে হামলার ঘটনায় সন্দীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পাশাপাশি এলাকায় বাইক নিয়ে তাণ্ডব এবং বেআইনি অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে । দু’জনকেই আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।
ঘটনাটি ঘটে ২০২০ সালের ১০ ডিসেম্বর। ডায়মন্ড হারবারে বিজেপির একটি কর্মীসভায় যোগ দিতে যাচ্ছিলেন জেপি নাড্ডা । শিরাকোল এবং পরবর্তীতে ফলতার দোস্তিপুরে নাড্ডার কনভয় লক্ষ্য করে দফায় দফায় আক্রমণ চালানো হয়। সেই হামলায় বিজেপির তৎকালীন শীর্ষ নেতার গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছিলেন। সেই সময়ও পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। এরপর রবিবার রাতে উস্তি থানার পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযান চালানোর সময় তৃণমূল নেতা রিপন শেখ ও সঞ্জীব মণ্ডল ধরা পড়ে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত রিপন ও সঞ্জীবের বিরুদ্ধে এলাকায় নিজস্ব বাইক বাহিনী তৈরি করে ত্রাস সৃষ্টি ও সন্ত্রাস চালানোর বহু পুরোনো অভিযোগ রয়েছে। বর্তমানে তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলির উৎস কোথায় এবং এই পুরোনো হামলা বা বর্তমান পরিস্থিতিতে তাদের ঠিক কী ধরনের ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।।

