এইদিন ওয়েবডেস্ক,পাকিস্তান,২০ সেপ্টেম্বর : পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলার পর ২২ ঘণ্টা ধরে সেনাবাহিনীর ও বিদ্রোহীদের গুলির লড়াই চলে । এই ভীষণ লড়াইয়ে এখনো পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । আহত হয়েছে আরও অন্তত ১০০ জন। শুক্রবার নামাজের সময় খাইবার পাখতুনখাওয়ার কোহাতে অবস্থিত ওল্ড পুলিশ লাইনস কমপ্লেক্সে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি হামলা চালালে এই লড়াই শুরু হয়।
এরপর বন্দুকধারীরা ওই চত্বরে হামলা চালায়, যেখানে পাকিস্তানের কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট এবং স্পেশাল ব্রাঞ্চ অবস্থিত। ১৬ জন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩১ জন নিহত হয়েছে । এছাড়া ১০০ জনেরও বেশি আহত হয়েছে ।
নিরাপত্তা বাহিনী প্রায় ২২ ঘণ্টা ধরে বিশাল পুলিশ কমপ্লেক্সটি থেকে বিদ্রোহীদের বিতাড়িত করার পর অভিযান সমাপ্ত ঘোষণা করে। অবশেষে আটজন হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ ।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা পাকিস্তানি তালেবানের সাথে যুক্ত একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।এ কারণে এটি সাধারণ কোনো বোমা হামলার চেয়ে ভিন্ন একটি ঘটনা।হামলাকারীরা একটি প্রধান পুলিশ সদর দপ্তরের ভেতরে থাকা মসজিদে হামলা চালায় এবং এরপর সেখানেই থেকে তাদের খোঁজে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সাথে লড়াই শুরু হয় ।।

