এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৯ সেপ্টেম্বর : বিধবা ভাতৃবধূকে গলা কেটে খুনের অভিযোগে বধূর ভাসুরকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । ধৃতের নাম প্রশান্ত মণ্ডল (৫৫)। তার বাড়ি কাটোয়ার বাদরা গ্রামে । শুক্রবার নিজের ঘরের মধ্যেই ধৃতের বিধবা ভাতৃবধূ চিন্তামণি মণ্ডলের (৪৮) গলাকাটা রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ । দেহ উদ্ধারের পরপরই প্রশান্ত মণ্ডলকে আটক করে পুলিশ । প্রথমে পুলিশের জেরায় অস্বীকার করলেও ম্যারাথন জেরায় খুনের কথা কবুল করেন প্রশান্ত । এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে । আজ শনিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।
বাদরা গ্রামের ঘোষপাড়ার বাসিন্দা চিন্তামণি মণ্ডলের স্বামী বছর দুয়েক আগে রোগে মারা গেছেন । তাঁদের এক ছেলে ও এক মেয়ে । মেয়ের বিয়ে হয়ে গেছে । ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন । একাই বাড়িতে থাকতেন চিন্তামণি দেবী । শুক্রবার সকালে তিনি ঘুম থেকে উঠছেন না দেখে প্রতিবেশী বধূ যমুনা মণ্ডলের সন্দেহ হয় । তখন তিনি বাড়িতে ঢুকলে তাঁর গলাগাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন । মৃতদেহের পাশেই পড়েছিল একটি রক্তমাখা ব্লেড ও চিন্তামণিদেবীর ফোনটি । এই ঘটনায় মৃতের ভাই রমেন্দ্রনাথ ঘোষ প্রশান্ত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যেই পরিকল্পনামাফিক প্রশান্ত মণ্ডল তার দিদিকে খুন করেছে। শুক্রবার সকালেই প্রশান্ত মণ্ডল ও এক আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । পরে প্রশান্ত তার অপরাধ কবুল করলে বিকেলের দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে । এই খুনে ধৃতের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।।

