এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ সেপ্টেম্বর : বিজেপির সঙ্গে জোট বেঁধে পুরভোটে লড়াইয়ের প্রস্তাব দিয়েছিলেন ন্যাশনলিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া বা এনসিপিআই (NCPI)-র সুদীপ বন্দ্যোপাধ্যায়-কাকলি ঘোষদস্তিদাররা। কিন্তু তাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য । তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, পুরভোটে বিজেপি একাই লড়বে এবং জিতবেও ।
আজ কলকাতা বিমানবন্দরে সাংবাদিকরা পুরভোটে এনসিপিআই (NCPI)-র সাথে জোটের বিষয়ে জানতে চাইলে শমীক ভট্টাচার্য বলেন,’পুরভোটে বিজেপি একা লড়বে । এনসিপিআই-র সঙ্গে জোট তো দিল্লিতে । এখান থেকে ১৫০০-১৬০০ কিলোমিটার দূর । এখানে আসতে তো সময় লাগবে ৷’ তিনি আত্মবিশ্বাসের সাথে জানান যে,কলকাতা ও হাওড়া পুরসভা বিজেপি বোর্ড গঠন করবে ।
আগামী নভেম্বরের শেষেই রাজ্য নির্বাচন কমিশন পুরভোট করতে পারে বলে খবর । এবারের ভোটে বহুমুখী প্রতিদ্বন্দ্বীতা হওয়ার সম্ভাবনা । এমতবস্থায় এনডিএ-এর নতুন জোট শরিক এনসিপিআই-এর সাথে বিজেপি জোট করবে কিনা এনিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে । গতকালই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেছিলেন,’এনডিএ-এর যখন শরিক আমরা, তখন নিশ্চয়ই এনডিএ-এর শরিক হিসেবেই লড়ব। এবং তখন নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমাদের জোট করতেই হবে। সেটা আমরা যখন নির্বাচন এগিয়ে আসবে, তখন সিদ্ধান্ত নিয়ে জানাব।’ তাঁকে প্রশ্ন করা হয়, মানে জোটের সম্ভাবনা এখনও আছে? যার উত্তরে কাকলি বলেন,’নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। কেননা আমরা তো এনডিএ- এর শরিক এখন। শুধু শরিক নয়, আমরা সর্ববৃহৎ শরিক।’
যদিও আজ জোটের সম্ভাবনা কার্যত নস্যাৎ করে দেন শমীক ভট্টাচার্য । তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘এনসিপিআই-এর সাথে দিল্লিতে জোট । আর দিল্লি বহুদুর । এদিকে পুরভোটেরও আর বেশি দেরি নাই ।’ এমতাবস্থায় এত তাড়াতাড়ি জোট হওয়া সম্ভব নয় বলে জানান তিনি ৷ তবে জোটের সম্ভাবনার কথা একেবারে উড়িয়েও দেননি শমীক । অর্থাৎ বিষয়টি যে হাইকম্যান্ডের হাতে সেটাই বুঝিয়ে দিয়েছেন তিনি।।
Shamik Bhattacharya rejects offer of alliance with NCPI in bypolls; says: “BJP will fight alone and win”.
