রাহুল রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ আগস্ট : সরকারি আবাস যোজনা ঘরের সার্ভের নামে বাইকের তেল খরচের টাকা চাওয়া হয়েছিল টাকা দিতে অস্বীকার করায় ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির এক বুথ সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ভাল্যগ্রাম অঞ্চলের খেঁড়ুয়াগ্রামে । ইতিমধ্যেই এই বিষয়ে একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও এইদিন-এর পক্ষ থেকে অডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি । তবে বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গেছে ।
খেঁড়ুয়াগ্রামের একাংশের বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের সার্ভে করতে গিয়ে উপভোক্তাদের কাছ থেকে বাইকের তেল খরচের নামে টাকা চাওয়া হয়েছে। গ্রামের বেশ কয়েকজন উপভোক্তার কাছ থেকেও টাকা নেওয়াও হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগকে ঘিরেই সরগরম হয়ে উঠেছে খেঁড়ুয়াগ্রাম।
খেঁড়ুয়াগ্রামের গ্রামের বাসিন্দা সুকান্ত কর্মকারের অভিযোগ, তাঁর বাড়িতে আবাস যোজনা ঘরের সার্ভে করতে এসে তেল খরচের টাকা চাওয়া হয়। তিনি টাকা দিতে অস্বীকার করে প্রতিবাদ করেন। এরপরই তাঁকে বিজেপির বুথ সভাপতি কানাই মাঝি ফোন করেন বলে অভিযোগ সুকান্তবাবুর। তাঁর দাবি, আবাস যোজনা ঘরের সার্ভের নামে তেল খরচের টাকা না দেওয়ায় তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয়। তিনি আরও বলেছেন,’আমার বাড়িতে আবাস যোজনা ঘরের সার্ভে করতে এসেছিল। তেল খরচের টাকা চাওয়া হয়। আমি টাকা দেব না বলে জানিয়ে দিই । এরপর বিজেপির বুথ সভাপতি আমাকে ফোন করেন। সার্ভের নামে তেল খরচের টাকা না দেওয়ায় আমাকে হুমকি দেওয়া হয় ।’সুকান্ত কর্মকার জানিয়েছেন,,এই ঘটনার পর বিজেপির বুথ সভাপতি-সহ কয়েকজনের বিরুদ্ধে মঙ্গলকোটের বিধায়কের কাছে অভিযোগও জানিয়েছেন ।
যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপির বুথ সভাপতি কানাই মাঝি। তাঁর বক্তব্য, সুকান্ত কর্মকার যে অভিযোগ করছেন তা সম্পূর্ণ মিথ্যা। আবাস যোজনা ঘরের সার্ভের নাম করে ফোন করে টাকা চাওয়া বা হুমকি দেওয়ার কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি তাঁর। তিনি আরও বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আবাস যোজনা ঘরের সার্ভের নাম করে টাকা চাওয়া হয়নি এবং ফোন করে কাউকে হুমকিও দেওয়া হয়নি।’ তবে দলের কোনও কর্মী যদি আবাস যোজনার সার্ভের নামে টাকা চেয়ে থাকে, তাহলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে তিনি জানান ।।
