এইদিন স্পোর্টস নিউজ,২৫ আগস্ট : ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের কন্যা অনায়া বাঙ্গারকে অস্ট্রেলিয়ায় মহিলাদের কমিউনিটি ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে।এর ফলে লিঙ্গ পরিবর্তনকারী অস্ত্রোপচার করানো অনায়া ক্রিকেট মাঠে ফিরতে চলেছেন। অনায়া চলতি বছরের মার্চ মাসে লিঙ্গ পরিবর্তনকারী অস্ত্রোপচার করিয়েছিলেন।
ক্রিকেট খেলার ছাড়পত্র পাওয়ায় আনন্দ প্রকাশ করে অনায়া বাঙ্গার বলেন, “আমি আবার ক্রিকেট খেলতে পারব, এটা আমার খুব আনন্দের দিন। একটা সময় ভেবেছিলাম আমি আর কখনোই ক্রিকেট খেলতে পারব না। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া আমাকে আরও একটি সুযোগ দিয়েছে।”
অনায়া এর আগে মুম্বাইয়ের হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলেছেন। সরফরাজ খান এবং তার ভাই মুশির খানের সঙ্গে বয়সভিত্তিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাও তার রয়েছে। তবে, উইমেন্স বিগ ব্যাশ লিগের মতো ‘এলিট ক্রিকেটে’ খেলতে হলে অনায়াকে ক্রিকেট অস্ট্রেলিয়ার টেস্টোস্টেরন- সংক্রান্ত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।
২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষ বয়ঃসন্ধিকাল পার করা ট্রান্সজেন্ডার খেলোয়াড়দের শীর্ষ স্তরের নারী আন্তর্জাতিক ক্রিকেটে খেলা থেকে নিষিদ্ধ করেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘এলিট ক্রিকেটে ট্রান্সজেন্ডার এবং জেন্ডার ডাইভার্স খেলোয়াড় নীতি’ অনুসারে, এলিট ক্রিকেটে খেলার জন্য একজন খেলোয়াড়ের সিরাম টেস্টোস্টেরনের মাত্রা ন্যূনতম ১২ মাস ধরে প্রতি লিটারে ১০ ন্যানোমোলের কম থাকতে হবে।
অনায়াকে লেখা এক চিঠিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার ইন্টিগ্রিটি প্রধান জ্যাকি পার্ট্রিজ বলেছেন যে, ২০২৭ সালের মার্চ থেকে এলিট ক্রিকেটে খেলার যোগ্যতা নির্ভর করবে রক্ত পরীক্ষায় টেস্টোস্টেরনের মাত্রা ১০ ন্যানোমল/লিটারের নিচে রাখার পাশাপাশি নীতিমালায় উল্লিখিত অন্যান্য যোগ্যতার মানদণ্ডও পূরণ করে চলার ওপর।তবে ক্রিকেট অস্ট্রেলিয়া স্পষ্ট করে দিয়েছে যে, আনায়া অবিলম্বে কমিউনিটি ক্রিকেটে খেলতে পারবে।
পার্ট্রিজ চিঠিতে বলেছেন,আপনি ২০২৭ সালের মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার যেকোনো রাজ্য বা অঞ্চলে অনুষ্ঠিত প্রধান ক্রিকেট প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করবেন। নীতিমালা অনুযায়ী প্রিমিয়ার ক্রিকেটকে এলিট ক্রিকেটের পরিবর্তে কমিউনিটি ক্রিকেট হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, তাই এই সিদ্ধান্তটি এই প্রতিযোগিতাগুলিতে আপনার অংশগ্রহণের উপর কোনো প্রভাব ফেলবে না ।।
