এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ আগস্ট : মদের নেশাই কেড়ে নিল পূর্ব বর্ধমানের ভাতার থানার রতনপুর গ্রামের বাসিন্দা পেশায় গাড়িচালক এক ব্যক্তির প্রাণ ৷ মৃতের নাম প্রহ্লাদ বাগদির (৪২)। আজ রবিবার সকালে পার্শ্ববর্তী বামুনাড়া গ্রামে একটি মদের দোকানের পাশে তাঁকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
জানা গেছে,প্রহ্লাদ বাগদির বাড়িতে রয়েছেন বাবা-মা, স্ত্রী এবং সন্তানরা । সমগ্র পরিবারের দায়িত্ব ছিল প্রহ্লাদের কাঁধে । অন্যের গাড়ি চালিয়ে যেটুকু উপার্জন করতেন তাতেই সমগ্র সংসার চলত । কিন্তু গাড়ি চালাতে গিয়ে মদের নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি । ছুটিতে বাড়ি ফিরেও যথারীতি নেশা চালিয়ে যেতেন প্রহ্লাদ ।
পরিবার সূত্রে জানা গেছে,শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যান প্রহ্লাদ বাগদি । তারপর সোজা চলে যান বামুনাড়া গ্রামের একটি মদের দোকানে । সেখানে আকন্ঠ মদ্যপান করে রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে স্থানীয়েরা মদের দোকানের পাশে একটি চালাঘরের বারান্দায় তাকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন । পরে তাকে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ।
মৃতের আত্মীয় ভোলানাথ বাগদি জানিয়েছেন,প্রহ্লাদ দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিল। অতিরিক্ত মদ্যপানের জেরে হৃদ্রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করছেন তিনি । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।।
