এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ আগস্ট : কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যায়কে নিয়ে বিতর্ক দীর্ঘদিনের । মূলত বামপন্থী ও উগ্র বামপন্থী ছাত্র সংগঠনের বহু বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রায়ই আলোচনা সমালোচনা হয়৷ বাক স্বাধীনতার নামে দেশবিরোধী শ্লোগান এবং ব্যক্তি স্বাধীনতার নামে অবাধ যৌনতা ও বিভিন্ন নেশায় আসক্ত হওয়ার অভিযোগ ওঠে বামপন্থী ও উগ্র বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের বিরুদ্ধে । যানিয়ে আদর্শিক সংঘাত বেধেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের(আর এস এস) ছাত্র সংগঠন এভিবিপি-এর সঙ্গে ।
সম্প্রতি এভিবিপি-এর এক ছাত্রনেতার উপর হামলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যায় চত্বর । সেই ঘটনার প্রেক্ষিতে আজ শনিবার কলকাতার সুভাষ উদ্যানে (নর্দান পার্ক) অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান মঞ্চে নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি বামপন্থী ও উগ্র বামপন্থীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই’ ।
মুখ্যমন্ত্রী একটি বাংলা মিডিয়া গ্রুপের উদ্দেশ্যে বলেন, ‘একটা মিডিয়া গ্রুপ দেখছি, যাদবপুর নিয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে । যাদবপুরে জানেন, বন্দেমাতরম বলতে দেওয়া হয় না । যাদবপুরে জানেন, জাতীয় পতাকা ওঠে না । যাদবপুরে জানেন, শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না । যাদবপুরে জানেন, সিসিটিভি লাগাতে দেওয়া হয় না । যাদবপুরের এক শ্রেণির টুকরে টুকরে গ্যাং ও এক শ্রেণির জিহাদি যারা রাষ্ট্র বিরোধী…যারা ছাব্বিশে জানুয়ারি ও ১৫ ই আগস্ট পালন করেনা… বন্দেমাতরম গাইতে দেয় না…তাদের পক্ষ নিয়ে ওই গ্রুপ মিডিয়া গ্রুপ যতই লিখুক না কেন আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই ।’
মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন নিয়ে এসেছে । তার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে । এখানে রাষ্ট্রবাদ, এখানে ভারতীয় সংস্কৃতি, এখানে সনাতন সংস্কৃতি, এখানে বন্দেমাতরম, এখানেতে তেরেঙ্গা জাতীয় পতাকা, এখানে জনগণমন-অধিনায়ক, এখানে ঋষি বঙ্কিমচন্দ্র এখানে, নেতাজি সুভাষচন্দ্র বসু, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর । একদিকে কালীঘাটের মা কালী, ওদিকে দক্ষিণেশ্বর মন্দির-বাবাধাম তারকেশ্বর ধাম । এর সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না ।’
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষ গত তিনদিন ধরে সংবাদ শিরোনামে। গেরুয়াপন্থী ও বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে অশান্তি, প্রতিবাদ মিছিল ঘিরে বেশ উত্তপ্ত দেশের এই নামী শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে বিশিষ্ট শিল্পী নন্দলাল বসুর আঁকা এমব্লেম ক্ষতিগ্রস্ত হওয়ায় এই চর্চাকে আরও উসকে দিয়েছে। এবিভিপি-এর অভিযোগ এই কান্ড উগ্র-বামপন্থীদের কাজ । রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও বলেছেন, ভারতীয় সংস্কৃতিকে এবিভিপি কোনদিন অপমান করতে পারে না।’ তিনিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেম ভাঙার জন্য বামপন্থীদের দায়ী করেছেন ।।
