এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২০ আগস্ট : এক মাসের মাথায় ফের উত্তরবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। তিনি উত্তরবঙ্গে টানা তিনদিন থাকবেন বলে জানা গেছে । তার আগে আজ বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তাঁকে বাগডোগরা বিমানবন্দরে স্বাগত জানান দার্জিলিঙয়ের সাংসদ রাজু বিস্ত । তিনি এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’আজ বাগডোগরা বিমানবন্দরে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি-কে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তাঁর গতিশীল নেতৃত্ব, জনগণের প্রতি অবিচল অঙ্গীকার এবং একটি উন্নত ও নিরাপদ পশ্চিমবঙ্গের স্বপ্ন আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে। তাঁর নির্দেশনায়, রাজ্য সুশাসন, দ্রুত উন্নয়ন এবং আমাদের দার্জিলিং পার্বত্য অঞ্চল, তরাই, ডুয়ার্স ও উত্তরবঙ্গ সহ প্রতিটি অঞ্চলের প্রতি সমান মনোযোগের এক নতুন যুগের সূচনা করছে।’
প্রসঙ্গত,‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরের (Chicken’s Neck) নিরাপত্তা আরও মজবুত করতে জোর তৎপরতা শুরু হয়েছে। গত জুলাই মাসে উত্তরবঙ্গ সফরে এসে সীমান্ত পরিদর্শন এবং বিএসএফের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা৷ এক মাসের মাথায় ফের স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে জাতীয় নিরাপত্তার দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতি ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
জানা গেছে,আজ সন্ধ্যা ৭:৩০টায় নির্ধারিত সূচি অনুযায়ী অমিত শা বাগডোগরা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে তিনি সুকনার একটি রিসর্টে পৌঁছোবেন। রাতে সেখানেই থাকবেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে সশস্ত্র সীমা বলের (এসএসবি) ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার রানিডাঙ্গায় একাধিক পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি ভারত-নেপাল ও ভারত-ভুটান সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে বসবেন। বিকেলে কাওয়াখালির মাঠে আয়োজিত নাগরিক কর্মসূচিতে উপস্থিত থাকবেন অমিত শাহ । সেখানে নতুন তিন ফৌজদারি আইন— ‘ভারতীয় ন্যায় সংহিতা’ বাস্তবায়নের অগ্রগতি ও জনসচেতনতা নিয়ে আলোচনা করার কথা রয়েছে তাঁর।।

