এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৭ আগস্ট : পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মর্মান্তিক ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার দুরমুট গ্রামে । আজ সোমবার দুপুরে মদ্যপ অবস্থায় নিজের কাকাকেই পিটিয়ে মেরে ফেললো ভাইপো । মৃতের নাম উত্তম প্রামানিক (৬০)। দুরমুট গ্রামের শিবতলার কাছে তাঁর বাড়ি৷ পুলিশ ঘাতক ভাইপো তাপস প্রামানিককে আটক করেছে ।
জানা গিয়েছে, উত্তমবাবু পেশায় ক্ষৌরকার ছিলেন । তবে তাঁর স্থায়ী কোনো দোকান ছিল না । গ্রামে ঘুরে ঘুরে চুল দাড়ি কাটার কাজ করতেন। আজ সোমবার সকালেও তিনি নিজের কাজে বের হয়েছিলেন । কিন্তু উত্তমবাবু সর্দারপাড়ায় যেতেই তাঁর ভাইপো তাপস মদ্যপবস্থায় তাঁকে একপ্রস্থ মারধর করে। ওই ঘটনার পরেই তাপসবাবু কৈচর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। কিন্তু তিনি দুপুরে বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে যখন বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন সেই সময় তাপস ফের তার উপর চড়াও হয়ে এলোপাথাড়ি মারধর করে বলে অভিযোগ । স্থানীয়রা তাপসবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ গ্রাম থেকে তাপসকে আটক করে ।।
