এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নিত্যানন্দপুর গ্রামে সাড়ে তিন বছরের এক শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । রবিবার মা এবং ছোট বোনের সঙ্গে যখন শিশুটি ঘুমিয়েছিল সেই সময় সে হঠাৎ ছটফট করতে করতে ধাক্কা দিয়ে মা কে ঘুম থেকে তোলে । মা উঠে তাকে বসালে শিশুটি বমি করে । এরপর তাকে তরিঘরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । আজ সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠায় ভাতার থানার পুলিশ। তবে কিভাবে তরতাজা শিশুটি মারা গেল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
জানা গিয়েছে মৃত শিশুটির নাম সুরেশ ঘোষ । কাটোয়ার গিধগ্রামের বাসিন্দা সুপ্রিয় ঘোষ ও সুমিত্রাদেবীর এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় সুরেশ। ভাতার থানার নিত্যানন্দপুর গ্রামে সুমিত্রাদেবীর বাপের বাড়ি । দিন কয়েক আগে তিনি দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি এসেছিলেন । সুমিত্রাদেবী বলেন,’রাত প্রায় বারোটা নাগাদ ছেলে ছটফট করতে করতে আমাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তোলে। আমি ছেলেকে বসিয়ে দিলে বমি করে । কিন্তু কোনো কথা বলতে পারছিল না । এরপর আমি বাড়ির লোকজনদের ডেকে তুলি । তারপর প্রতিবেশীদের সহায়তায় ছেলেকে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু ছেলেকে বাঁচানো যায়নি ।’ একথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন ।
কিন্তু কিভাবে শিশুটি মারা গেল তা নিয়ে ধন্দ্বে সকলে । পুলিশ জানায় ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।।

