এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১৬ আগস্ট : নদীয়া জেলার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ানকে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূল নেতা জুব্বার শেখের স্ত্রী তথা হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি। ধৃত অন্য দু’জন সাহেব আলী মণ্ডল ও মিঠুন শেখ। পুলিশ সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে বলা হয়েছে, তিনজনকেই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। পুলিশের সন্দেহ যে, এই জোড়া হত্যাকান্ডে সুপারি কিলার লাগানো হয়ে থাকতে পারে । হত্যাকারীদের খোঁজ চালাচ্ছেন পুলিশ ।
শনিবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ বেথুয়াডহরি বাজারে পার্টি অফিসে বসে ছিলেন কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়া ন৷ সেখান থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তারা ।নাগাদি রেল আন্ডারপাস সংলগ্ন এলাকায় একটি কালো স্করপিও গাড়ি তাঁদের পথ আটকায়। বাবা-ছেলেকে গাড়ি থেকে নামিয়ে তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয় বলে অভিযোগ। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও কোপানো হয়। ঘটনাস্থলেই তারা রক্তাক্ত অবস্থায় দু’জন লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাবা-ছেলেকে মৃত বলে ঘোষণা করেন।
আজ রবিবার সকালে মৃতদেহ দুটি কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। পরিবারের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্ত একই হাসপাতালে করা হোক। সেই দাবির ভিত্তিতে কল্যাণীর জেএনএম হাসপাতালে ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে ।
এই ঘটনায় তৃণমূল পরিচালিত হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে মৃতদের পরিবার৷ আনিসুর রহমান নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও তাঁর ছেলে এবছরই আইন পাস করেছিলেন। রাজনৈতিক কারণেই খুন বলে দাবি পরিবার ও কংগ্রেস নেতৃত্বের। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর গ্রেফতার হন ফতেমা বিবির স্বামী তৃণমূল নেতা জোব্বার শেখ। মাটি পাচার-সহ একাধিক অভিয়োগে বর্তমানে জেলে রয়েছেন তিনি।
এদিকে এই জোড়া খুনের ঘটনায় বিজেপির ঘাড়ে দায় চাপিয়ে ভিন্ন রঙ দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে । প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন,’এই রাজ্যে সংখ্যালঘু এবং বিরোধীদের কণ্ঠরোধ করার অপচেষ্টার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের লড়াই চলবেই।’ পাশাপাশি অধীর চৌধুরী সামাজিক মাধ্যমে লিখেছেন,’নদীয়ার কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর পুত্রের হত্যার তীব্রতম ভাষায় নিন্দা ও ধিক্কার জানাই। ‘ভয় আউট, ভরসা ইন’-এর স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছে এই সরকার। সেখানে স্বাধীনতা দিবসের দিনে এমন জঘন্য ঘটনা মানুষের নিরাপত্তা ও স্বাধীন ভাবে রাজনীতি করার অধিকার নিয়ে একাধিক প্রশ্ন তুলে দেয়।’ এই কঠিন সময় কংগ্রেস শোকাহত পরিবারের পাশে আছে বলেও তিনি জানিয়েছেন ।।
