এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ আগস্ট : সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বড়োপোসলা গ্রামের যুবক তন্ময় মাজি । বন্ধুরা তাঁকে বাঁচানোর মরিয়া চেষ্টা চালান । কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তাঁদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল । চিকিৎসাধী অবস্থায় মারা গেলেন ৩৩ বছরের যুবক তন্ময় মাজি । একজন তরতাজা যুবকের মৃত্যুতে বড়োপোসলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বড়োপোসলা গ্রামের বাসিন্দা স্বপন মাজি ও চুমকি দেবীর একমাত্র সন্তান ছিলেন তন্ময় । দরিদ্র কৃষক পরিবারের সন্তান তন্ময় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। সপ্তাহ দুয়েক আগে গ্রামের পুজোয় বাড়ি এসেছিলেন। আর বাড়িতে থাকার সময়েই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন ওই যুবক । বন্ধুবান্ধবদের সহায়তায় তন্ময়কে তড়িঘড়ি বর্ধমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন বাবা-মা । কিন্তু পরিবারের বাধা হয়ে দাঁড়ায় চিকিৎসার বিপুল খরচা ৷ সেই সময় তন্ময়কে বাঁচাতে গ্রামে চাঁদা তুলতে উদ্যোগী হন তার বন্ধুরা । প্রায় আড়াই লক্ষ টাকা চাঁদা ওঠে । কিন্তু এত কিছুর পরেও বাঁচানো যায়নি তন্ময়কে । এদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবক । এদিকে তন্ময়ের মা চুমকিদেবীও অসুস্থ বলে জানা গেছে ।।
