এইদিন ওয়েবডেস্ক,মালদা,১১ আগস্ট : আজ এক নজিরবিহীন ঘটনার স্বাক্ষী থাকলো মালদার কালিয়াচক-২ নম্বর পঞ্চায়েত সমিতি। ২৬ আসন বিশিষ্ট এই পঞ্চায়েত সমিতির মাত্র ২ জন সদস্য হওয়া সত্ত্বেও সভাপতি নির্বাচিত হলেন বিজেপির অলোক মন্ডল । আর এই সভাপতি নির্বাচনে বিজেপিকে সমর্থন জানালেন তৃণমূলের ১৩ জন এবং কংগ্রেসের ২ জন সদস্য।
গত পঞ্চায়েত, নির্বাচনে কালিয়াচক-২ নম্বর পঞ্চায়েত সমিতির ২৬টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ১৩টি আসন। কংগ্রেসের দখলে ছিল ১১টি আসন এবং পেয়েছিল মাত্র ২ আসন । স্বভাবতই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল । সভাপতি হয়েছিলেন তৃণমূলের অঞ্জলী মন্ডল। কিন্তু তিনি গত মাসে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। আজ মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে নতুন সভাপতি নির্বাচনের দিন ধার্য করা হয়।
এদিন ২৬জন সদস্যের মধ্যে ২৫জন সদস্য হাজির হন। গরহাজির ছিলেন বিজেপির সদস্য নিবারণ মন্ডল। ফলে ২৫জন সদস্যকে নিয়েই নতুন সভাপতি নির্বাচনের ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেখানেই বিজেপির একমাত্র পঞ্চায়েত সমিতির সদস্য অলক মন্ডল ১৬-৯ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন। তাকে সমর্থন জানান তৃণমূলের ১৩জন এবং কংগ্রেসের দুজন সদস্য।।
