এইদিন ওয়েবডেস্ক,আসাম,০৪ আগস্ট : আসামের হাইলাকান্দির অলইছড়ায় নবম শ্রেণির ছাত্রীকে গনধর্ষণের নৃশংস বর্বরোচিত হত্যার ঘটনায় এক নাবালক সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । সোমবার রাতে হাইলাকান্দি জেলা পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে,পয়লা আগস্ট ২০২৬-এর রাতে আলোইছড়া পার্ট-৪ এলাকায় এক নাবালিকা মেয়েকে তার নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যা ও যৌন নির্যাতনের ঘটনায় কাটলীছড়া থানার মামলা নম্বর ৮৩/২০২৬, বিএনএস-এর ধারা ৬৫(১)/১০৩(১) এবং পকসো আইনের ৬ নম্বর ধারা অনুযায়ী নথিভুক্ত করা হয়েছে। এই মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে— অপু মালাকার (বয়স ১৮ বছর), ১৬ বছরের এক নাবালক) এবং জয়দীপ রি (বয়স ১৯ বছর)। পুলিশ জানিয়েছে,মামলাটির তদন্তের জন্য গঠিত একটি বিশেষ তদন্তকারী দল ফরেনসিক দলের সহায়তায় ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ প্রমাণাদি সংগ্রহ করেছে। বর্তমানে মামলাটির তদন্ত চলছে।পুলিশের প্রাথমিক তদন্তে গুরুতর অপরাধের অভিযোগ উঠে এসেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদনের ভিত্তিতে নিশ্চিত হবে।
হাইলাকান্দির অলইছড়া চতুর্থ খন্ডের বাসিন্দা ওই কিশোরীর বাড়িতে রয়েছেন তার বিধবা মা । শনিবার এক আত্মীয়ের বাড়িতে বনভোজনে যোগ দিয়েছিল মা ও মেয়ে। এক আত্মীয়ের সঙ্গে ঝগড়া হওয়ার পর মেয়েটি একাও বাড়ি ফিরে এসেছিল । বাড়িতে একাই ছিল মেয়েটি । এরপর শনিবার রাত প্রায় ১১টা নাগাদ মা বাড়ি ফিরে এসে আর্তনাদ করে ওঠেন । ছুটে আসে প্রতিবেশীরা । ছোট্ট মেয়েটির উপর চালানো নারকীয় অত্যাচারের চিহ্ন দেখে শিউরে ওঠেন সকলে । মেয়েটির মাথা ও মুখ থেঁতলানো ছিল ।যৌনাঙ্গে ঢোকানো ছিল লোহার রড,মদের বোতলসহ অন্যান্য সামগ্রী ।এই নৃশংস বর্বরোচিত ঘটনায় বরাক উপত্যকাজুড়ে শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক ও ছাত্র-যুব সংগঠন, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ দ্রুত বিচার ও দোষীদের কঠোর আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন ।।
