এইদিন স্পোর্টস নিউজ,২৯ জুলাই : ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী এবার ঝড় তুলেছেন আইসিসি র্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ এগিয়েছেন ১৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান । টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় প্রথমবারের মতো সেরা ৫০-এ ঢুকে পড়েছেন তিনি। বর্তমানে ৫৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন সূর্যবংশী ।
বৈভব সূর্যবংশীর এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্স। তিন ম্যাচের সেই সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান করেন তিনি । দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জেতেন সিরিজসেরার পুরস্কারও। ওই সিরিজের প্রথম ম্যাচে ১৯ বলে ৫০ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে আউট হয়েছেন ৯ বলে ২০ রান করেই । এরপর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৯ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এমন দুর্দান্ত পারফরম্যান্সের ফলই পেলেন র্যাঙ্কিংয়ে।
এদিকে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিষান। ৯১০ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সাহিবজাদা ফারহানের পয়েন্ট ৮৪৮।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির পর ঈশানের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছিল ৯১৬। তখন ক্যারিয়ারসেরা রেটিংয়ে তিনি পেছনে ফেলেছিলেন বিরাট কোহলি (৯০৯) ও সূর্যকুমার যাদবকে (৯১২)। তবে সিরিজের তৃতীয় ম্যাচে ২৯ রান করায় ৬ পয়েন্ট হারিয়ে ৯১০-এ নেমে এসেছেন তিনি।
টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ৭৫৩ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে তিনি। পাকিস্তানের আবরার আহমেদ ৭৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ইংল্যান্ডের আদিল রশিদ ৭১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন। ভারতের একমাত্র বোলার হিসেবে সেরা দশে আছেন বরুণ চক্রবর্তী।।
