এইদিন ওয়েবডেস্ক,বারুইপুর,১৩ জুলাই : দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরে অশান্তি ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গ্রেফতার সিপিএম নেতা তথা বারুইপুর পশ্চিমের সিপিএমের প্রার্থী লাহেক আলিকে ৯ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ৷ আজ সোমবার লাহেক আলিকে বারুইপুর আদালতে তোলা হয়। কঠোর নিরাপত্তা বেক্ষনী ও প্রিজন ভ্যান থেকে তাকে হেলমেট পরিয়ে আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয় । লাহেক আলির আইনজীবী সায়ন ভট্টাচার্য তার জামিনের আবেদন করেন। কিন্তু জামিনের তীব্র বিরোধিতা করেন সরকারি আইনজীবী বিভাগ চ্যাটার্জি । তিনি লাহেক আলিকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানান । শেষ পর্যন্ত লাহেক আলির ৯ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বিচারক ।
সরকারি পক্ষের দাবি, লাহেক আলির বক্তব্যের পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। গণপিটুনি, ভাঙচুর, রেল অবরোধ ও সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা ঘটে । তাদের কাছে একাধিক প্রমানও রয়েছে । প্রমান স্বরূপ আদালতে একটি ভিডিও দেখান সরকার পক্ষের আইনজীবী ৷ তদন্তের স্বার্থে লাহেক আলির হেফাজত প্রয়োজন বলেও আদালতে জানানো হয়।
লাহেক আলির আইনজীবীদের দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের অভিযোগ, হাইকোর্টে মামলা করার পরই নতুন অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা আদালতে ভিডিও-সহ একাধিক তথ্য তুলে ধরে বলেন, অভিযুক্ত উস্কানি দেননি, বরং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন। আদালতে উভয় পক্ষের বক্তব্য শোনার পর মামলার শুনানি হয়। এই প্রতিবেদনে আদালতের চূড়ান্ত নির্দেশের উল্লেখ নেই ।।
