এইদিন ওয়েবডেস্ক,জয়পুর,০৮ জুলাই : সম্পত্তি ও একটি সরকারি চাকরি হাতানোর জন্য ৭ লক্ষ টাকায় ভাড়াটে খুনি লাগিয়ে নিজের মা’কে খুন করল মেয়ে । রাজস্থানের জয়পুরের (Jaipur, Rajasthan) ঘটনা । ঘাতক মেয়ে হল ২৩ বছর বয়সী আয়ুশি শর্মা (Ayushi Sharma) । হতভাগ্য মায়ের নাম নীরজ শর্মা (Neeraj Sharma)। নীরজ শর্মার ভাসুর ও ভাসুরপো পর্যন্ত তাকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল । পুলিশ আয়ুশি এবং তার ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে, তবে একজন এখনও পলাতক রয়েছে।
জানা যায়,নীরজের স্বামী এক বছর আগে মারা যান, যার পরে তিনি মানবিক কারণে তার স্বামীর কেরানির চাকরিটি পান। কিন্তু মেয়ে আয়ুশী সেই চাকরিটি নিজের জন্য চেয়েছিল এবং এনিয়ে প্রায়ই সে তার মায়ের সাথে ঝগড়া করত। মা’কে কোনো ভাবেই বাগে আনতে পারছে না দেখে শেষ পর্যন্ত তাকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে মেয়ে আয়ুশি । জ্যাঠা, জ্যেঠতুতো ভাইয়ের সঙ্গে রীতিমতো চুক্তি করে ফেলে আয়ুশি । চুক্তি অনুযায়ী, নীরজ শর্মাকে হত্যা করার পর তার চাকরিটা নেবে মেয়ে আয়ুশি এবং বাকি সম্পত্তির অধিকার পাবে তার জ্যাঠা ও জ্যেঠতুতো ভাই । এরপর জ্যাঠা ও জ্যেঠতুতো ভাইসহ অন্যদের সাথে যোগসাজশ করে মায়ের হত্যার ব্লুপ্রিন্ট তৈরি করে আয়ুশি ।
জানা যায়,নীরজ তার বিশেষভাবে সক্ষম ছেলেকে কোচিং ক্লাসে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি এসইউভি তাকে পিষে দিয়ে পালায় । আয়ুশি সহ বাকিরা এটিকে দুর্ঘটনা হিসেবে প্রচার করে । কিন্তু নীরজের ভাইয়ের সন্দেহ হওয়ায় তিনি। থায় একটি অভিযোগ দায়ের করেন । তার ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ । শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য থেকে পুলিশ নিশ্চিত হয় এটি কোনো দুর্ঘটনা নয়,বরঞ্চ সুপরিকল্পিত হত্যাকান্ড । পুলিশ আয়ুশি এবং তার ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে ।।
